US President Donald Trump

আমেরিকার কাউকে প্রয়োজন নেই, বিশ্বে এক নম্বর আমরাই! হরমুজ় নিয়ে বন্ধুদের ইতিবাচক সাড়া না পাওয়ায় অসন্তুষ্ট ট্রাম্প

হরমুজ় প্রণালী ভারতের কাছেও বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সোমবার নয়াদিল্লিও জানিয়ে দিয়েছে, হরমুজ় প্রণালী নিয়ে আমেরিকার সঙ্গে ভারতের কোনও দ্বিপাক্ষিক আলোচনা চলছে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১১:৫৯
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

হরমুজ় প্রণালীতে ‘অবরোধ’ তোলার জন্য আমেরিকার কাউকে প্রয়োজন নেই। এ বার এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ় প্রণালীর ‘অবরোধ’ তোলার জন্য চিন, ফ্রান্স এবং ব্রিটেনকে যুদ্ধজাহাজ পাঠানোর পরামর্শ দেন ট্রাম্প। তবে খুব একটা সন্তোষজনক সাড়া পাননি। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Advertisement

আমেরিকা-ইরান সংঘর্ষের জেরে এখনও অস্থির পশ্চিম এশিয়া। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ় প্রণালী অবরুদ্ধ করে রেখেছে ইরান। হরমুজ় প্রণালীর অবরোধ তুলতে ইতিমধ্যেই সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এই জলপথটি বন্ধ থাকায় যে দেশগুলির সমস্যা হচ্ছে, তাদেরও এগিয়ে আসার পরামর্শ দেন তিনি।

হরমুজ় প্রণালী ভারতের কাছেও বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সোমবার নয়াদিল্লিও জানিয়ে দিয়েছে, হরমুজ় প্রণালী নিয়ে আমেরিকার সঙ্গে ভারতের কোনও দ্বিপাক্ষিক আলোচনা চলছে না। চিন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেনের মতো দেশগুলি থেকেও ইতিবাচক জবাব পাননি ট্রাম্প। এ অবস্থায় সোমবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমাদের কাউকে প্রয়োজন নেই। আমরাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। আমাদের সামরিক বাহিনী নিঃসন্দেহে বিশ্বের এক নম্বর।”

হরমুজ় প্রণালীতে সামরিক অভিযানের বিষয়ে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ‘নেটো’-কেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। সদস্য রাষ্ট্রগুলি তাঁর আহ্বানে সাড়া না-দিলে সামরিক জোটটির ভবিষ্যৎ খারাপ হবে বলে জানিয়েছেন তিনি। ‘বন্ধু’ দেশগুলির কাছ থেকে, বিশেষ করে ফ্রান্সের কাছ থেকে তিনি কোনও উত্তর পেয়েছেন কি না, তা নিয়ে সোমবার প্রশ্ন করা হয় ট্রাম্পকে। উত্তরে ট্রাম্প বলেন, “আমার মনে হয় তারা অবশ্যই সাহায্য করবে।” তবে এর পরেই তিনি এ-ও জানান, এই অভিযানে কারও সাহায্যের প্রয়োজন নেই আমেরিকার।

মার্কিন প্রেসিডেন্টের কথায়, “আমি তাদের কাছে খুব জোর দিয়ে কোনও অনুরোধ করিনি। কারণ, আমার মতে, আমাদের কাউকে প্রয়োজন নেই। আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। আমাদের সামরিক বাহিনীই বর্তমানে সবচেয়ে শক্তিশালী বাহিনী। আমাদের কাউকে প্রয়োজন নেই। তবে বিষয়টি বেশ মজার।” ট্রাম্পের দাবি, তাঁর মূল উদ্দেশ্য অন্যদের কাছে সাহায্য চাওয়া নয়। আমেরিকার প্রয়োজনের সময়ে ‘বন্ধু’ দেশগুলি সাহায্য করার বিষয়ে কতটা সদিচ্ছা দেখায়, সেটিই পরখ করা তাঁর মূল উদ্দেশ্য।

Advertisement
আরও পড়ুন