E-Paper

পশ্চিমবঙ্গে শিল্প ও কর্মসংস্থানে নতুন ভোর আসতে চলেছে, দাবি কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রীর

ভারত শিল্প বিকাশ যোজনা (ভব্য) প্রকল্পের অধীনে রাজ্যগুলিতে চার মাসে ৫০টি শিল্প পার্ক গঠনের সময়সীমা ঘোষণা করল কেন্দ্র। মার্চে দেশে এ রকম ১০০টি পার্ক গঠনের সিদ্ধান্তে সায় দেয় কেন্দ্র।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ০৬:৩৫
শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল।

শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। —ফাইল চিত্র।

বেশি দিন হয়নি বাংলায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু তারই মধ্যে লগ্নি আনা ও শিল্পায়নের জন্য রাজ্য সরকারের খিদে দেখার মতো। শনিবার নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়ে শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের বার্তা, তিনি আত্মবিশ্বাসী যে পশ্চিমবঙ্গে বাণিজ্যের সুযোগ এবং কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন যুগের শুরু হতে চলেছে।

আজ ভারত শিল্প বিকাশ যোজনা (ভব্য) প্রকল্পের অধীনে রাজ্যগুলিতে চার মাসে ৫০টি শিল্প পার্ক গঠনের সময়সীমা ঘোষণা করল কেন্দ্র। মার্চে দেশে এ রকম ১০০টি পার্ক গঠনের সিদ্ধান্তে সায় দেয় কেন্দ্র। গয়াল বলেন, ‘‘প্রথম পর্যায়ে ৫০টি পার্কের জন্য আবেদন আসলেই কাজ শুরু করতে পারব।’’ পার্ক তৈরি হবে ১০০-১০০০ একর জমিতে। পরিকাঠামো গড়তে প্রতি একরে ১ কোটি টাকা কেন্দ্রীয় সহায়তা দেওয়া হবে। পার্বত্য জেলাগুলিতে ২৫ একর জমিও বিবেচনা করা হবে।

এই প্রসঙ্গেই মন্ত্রীর বার্তা, ‘‘পশ্চিমবঙ্গ এর আগের যোজনাগুলিতে যোগদানই করত না। কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেই দু’বার আমার সঙ্গে কথা বলেছেন। জানিয়েছেন, যত দ্রুত সম্ভব এই যোজনা বাস্তবায়িত করতে হবে। আমরা এতে যোগদান করব।’’

রাজ্যে অতীতে শিল্পের জন্য জমি অধিগ্রহণ নিয়ে বার বার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে সরকারকে। উঠেছে কৃষকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ। এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে গয়াল বলেন, ‘‘জমি অধিগ্রহণ মূলত রাজ্যের বিষয়, এটা তাদেরকেই বুঝে নিতে হবে। তবে এটা বলতে পারি পশ্চিমবঙ্গের মানুষ শিল্পের জন্য জমি দিতে অরাজি ছিলেন না। কিন্তু ৫০ বছর ধরে শিল্পায়ন নিয়ে প্রবল অনীহা দেখিয়েছে রাজ্য। জমি অধিগ্রহণের সময় মালিকদের স্বার্থেও নজর দেওয়া হয়নি। আমার দৃঢ় বিশ্বাস, নতুন সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিভাবকত্বে সকলকে সঙ্গে নিয়ে, জমির মালিকদের সংবেদনশীলতাকে গুরুত্ব দিয়ে গুজরাত, উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্রের মতো শিল্পের জন্য বিপুল জমি একত্রিত করতে পারবে।’’ তার কথায়, ‘‘উদ্দেশ্য মহৎ হলে ও বাস্তবায়নে স্বচ্ছতা থাকলে জমি পাওয়া যাবে। পশ্চিমবঙ্গে নতুন কাজের সুযোগ, বাণিজ্যের আবহাওয়া, যুবশক্তির উদ্যোগ তৈরির বিষয়ে আমি নিশ্চিত।’’ এ দিকে, প্রত্যক্ষ বিদেশি লগ্নি টানতে ১৫০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ২৫ মে কানাডা যাবেন গয়াল। সেখানে শিল্পকর্তাদের সঙ্গে তাঁর টানা বৈঠক রয়েছে। পাশাপাশি, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গেও দেখা করবেন তিনি। কথা হবে বাণিজ্যমন্ত্রী মনিন্দর সিধুর সঙ্গে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Piyush Goyal West Bengal government job opportunities

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy