আর কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স। রাজ্যে সরকার বদলের পর আয়োজিত হতে চলেছে প্রথম প্রতিযোগিতামূলক পরীক্ষা। ২০২৬-এর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (ডব্লিউবিজেইই) শুরু হবে সকাল ১১টা থেকে। কলকাতা, ত্রিপুরা, অসম-ছাড়াও রাজ্যের প্রায় সব ক’টি জেলাতেই নানা পরীক্ষাকেন্দ্রে শুরু হবে পরীক্ষা।
নিয়মের কড়াকড়ির মধ্যেই আয়োজিত হতে চলেছে চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। প্রথম পত্রে ১০০ নম্বরের অঙ্কের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা নেওয়া হবে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। দ্বিতীয়পত্রে দু’টি বিষয়ের প্রতিটিতে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বর বরাদ্দ করা হয়েছে। পরীক্ষায় উত্তর ভুল হলে কাটা যাবে নম্বর। চলতি বছর মোট ১,২০,৮৫৬ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছেন। ২৬৭ পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। এর মধ্যে রাজ্যের ২৬৪ কেন্দ্রে ত্রিপুরার দু’টি কেন্দ্রে এবং অসমের একটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের নিবিড়ভাবে তল্লাশি করে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। পরীক্ষার্থীদের অন্তত দেড় ঘণ্টা আগে পৌঁছতে হবে পরীক্ষাকেন্দ্রে। অ্যাডমিট কার্ড (কাগজের নথি), অনলাইন আবেদনের সময় যে রঙিন ছবি আপলোড করা হয়েছে, তার একটি ছবি এবং সঠিক পরিচয়পত্র (আধার কার্ড, ভোটার কার্ড) সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি, মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ডিভাইস পরীক্ষাকেন্দ্রে সঙ্গে নিয়ে প্রবেশ নিষিদ্ধ বলে জানানো হয়েছে। পরীক্ষাকেন্দ্রে কোনও রকম অসৎ কাজ করলে বা বেআইনি কাজ করলে পরীক্ষা বাতিল হয়ে যাবে বলেও নির্দেশ বোর্ডের।
পরীক্ষার্থীরা https://wbjeeb.nic.in/wbjee/ এই ওয়েবসাইট থেকে শেষ মুহূর্তের কোনও আপডেট বা প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার নিয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়া যায় ডব্লিউবিজেইই-তে প্রাপ্ত র্যাঙ্কের মাধ্যমে।