দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) থেকে ইন্টার্নশিপ করার সুযোগ পাওয়া যেতে পারে। বিভিন্ন ধরনের সুরক্ষাকবচ, যুদ্ধবিমান তৈরি করা এবং সমতুল যন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য পরীক্ষামূলক গবেষণার কাজে ওই সংস্থার তরফে ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হয়ে থাকে। পাশাপাশি, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠরতদের জন্যও স্বল্প সময়ের চুক্তিতে ইন্টার্ন হিসাবে কাজ শেখার সুযোগ দিয়ে থাকে ওই সংস্থা।
সংস্থার তরফে জানানো হয়েছে, ৩ অগস্ট থেকে এমনই একটি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হতে চলেছে। ওই প্রশিক্ষণের জন্য সাইবার সুরক্ষা, কৃত্রিম মেধা, মেশিন লার্নিং, এরোনটিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, মেটিরিয়ালস, কেমিক্যাল, সেফটি, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরতদের বেছে নেওয়া হবে। তাঁদের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কাজ শেখার সুযোগ দেওয়া হবে।
আরও পড়ুন:
ইন্টার্ন হিসাবে মোট ছ’মাস কাজ শেখার সুযোগ পাবেন পড়ুয়ারা। ইন্টার্নশিপ চলাকালীন যোগদানকারীরা মোট পাঁচ হাজার টাকা সাম্মানিক হিসাবে দেওয়া হবে। কাজ শিখতে আগ্রহীদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ইন্টার্নশিপে যোগদানের জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট’ জমা দিতে হবে।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইট-এ প্রকাশিত ফর্ম পূরণ করে তা ডাকযোগে জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২০ জুন। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বাছাই করা প্রার্থীদের সঙ্গে ই-মেল মারফত যোগাযোগ করা হবে।