পদার্থবিদ্যায় উচ্চশিক্ষা বা অ্যাস্ট্রোফিজ়িক্স-এ গবেষণার অভিজ্ঞতা থাকলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে মিলতে পারে গবেষণার সুযোগ।
সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-এ নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ অ্যাস্ট্রোফিজ়িক্স-এর একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে এক জনকে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
এ জন্য পদার্থবিদ্যা, অ্যাস্ট্রোনমি কিংবা অ্যাস্ট্রোফিজ়িক্স বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে বেছে নেওয়া হবে। তবে, যাঁরা উল্লিখিত বিষয়ে ব্যাচেলর অফ সায়েন্স-মাস্টার অফ সায়েন্স (বিএস-এমএস) ডুয়াল ডিগ্রি অর্জন করেছেন, তাঁরাও ইন্টারভিউয়ে যোগ দিতে পারবেন।
আরও পড়ুন:
এ ক্ষেত্রে প্রার্থী ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হলে নিয়োগে অগ্রাধিকার পাবেন। নিযুক্ত ব্যক্তিকে কেন্দ্র সরকারের অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (সাবেক এসইআরবি)-র অর্থপুষ্ট প্রকল্পে কাজ কাজ করতে হবে। ওই সংস্থার নিয়ম মেনেই প্রতি মাসের পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট প্রকল্পে মোট এক বছরের জন্য চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। বাছাই করা ব্যক্তি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার সুযোগও পাবেন।
১ জুলাই ইন্টারভিউ হতে চলেছে। ওই দিন জীবনপঞ্জি-সহ অন্য নথি সঙ্গে রাখা বাঞ্ছনীয়। বেলা ১১টার আগে প্রার্থীদের পৌঁছে যেতে হবে। এ ছাড়াও প্রার্থীদের আলাদা করে ২৮ জুনের আগে ই-মেল মারফত জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের দক্ষতার প্রমাণপত্রের নথি জমা দিয়ে আবেদন জানাতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।