প্রতি রবিবার মুম্বইয়ে ‘জলসা’র বাইরে বেরোবেন অমিতাভ বচ্চন, দর্শন দেবেন অনুরাগীদের— এই নিয়ম বহু বছর ধরেই চলে আসছে। এই দর্শন বিগ বি-র অনুরাগীদের কাছে বিশেষ প্রাপ্তি। তবে, এ বার সেই চিরাচরিত জমায়েতেই বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হল। ভিড়ের মধ্যে এক ভক্ত হঠাৎই অজ্ঞান হয়ে পড়েন। ওই মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেমন আছেন ওই ব্যক্তি এখন?
২৪ মে রবিবার, নিজের বাসভবন ‘জলসা’র বাইরে ভক্তদের সঙ্গে দেখা করতে বেরিয়েছিলেন অমিতাভ। সেই সময়েই ভিড় আচমকা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে অভিযোগ। প্রায় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তারই মধ্যে এক ভক্ত অসুস্থ হয়ে লুটিয়ে পড়ে যান। উপস্থিত বাকিরা দ্রুত তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন— তাঁর চোখেমুখে জল দেওয়া হয়। খানিকটা জায়গা ফাঁকা করে দেওয়া হয়। যদিও ওই ব্যক্তির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
এক ভক্ত জ্ঞান হারালে তাঁর সাহায্যে এগিয়ে আসেন বাকিরা। ছবি: সংগৃহীত।
এই ঘটনাকে ঘিরে সমাজমাধ্যমে বেশ উদ্বেগ ছড়িয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যখন এই দর্শন প্রতি সপ্তাহেই হয়, ভিড়ও হয়, তা হলে কেন যথাযথ নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই? উল্লেখ্য, দশকের পর দশক ধরে ‘জলসা’র সামনে অমিতাভের এই রবিবারের উপস্থিতি ভক্তদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মুম্বইয়ে এসে এই মুহূর্তের সাক্ষী থাকতে চান। কেউ সঙ্গে পোস্টার নিয়ে আসেন, কেউ ছবি তোলেন, কেউ আবার শুধু প্রিয় তারকার এক ঝলক দেখার আশায় অপেক্ষা করেন।
আরও পড়ুন:
এই রবিবারের দর্শন আরও তাৎপর্যপূর্ণ ছিল। কারণ কিছু দিন আগেই অমিতাভের অসুস্থতা নিয়ে গুজব ছড়িয়েছিল। শোনা যায়, তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে যদিও অভিনেতা নিজেই একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে সেই জল্পনা উড়িয়ে দেন। ঘনিষ্ঠ সূত্রও জানিয়েছে, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। সামনে অমিতাভের অনেক কাজ মুক্তির অপেক্ষায় রয়েছে।