বলিউড অভিনেতা হর্ষবর্ধন কপূর এখনও সে ভাবে বলিপাড়ায় জমি শক্ত করে উঠতে পারেননি। এখনও অনিল কপূরের ছেলে হিসাবেই বেশি পরিচিত তিনি। সোনম কপূরের ভাই হিসাবেও একাংশ চেনেন তাঁকে। ২০১৬ সালে ‘মির্জা’ ছবির মাধ্যমে অভিনয়জগতে হাতেখড়ি হর্ষবর্ধনের।
১০ বছর কেটে গিয়েছে। কিন্তু এখনও বক্সঅফিসে সাফল্যের মুখ দেখেননি অভিনেতা। খুব বেশি ছবিতে যে অভিনয় করেছেন তেমনও নয়। তবে সব ছবিই সমালোচকমহলে প্রশংসিত হয়েছে। এ বার অনুরাগীদের প্রশ্নের সম্মুখীন হর্ষবর্ধন। অনেকের মনেই প্রশ্ন, অভিনেতা কি অভিনয় থেকে দূরে সরে গিয়েছেন? কারও প্রশ্ন, “আপনি কি অভিনয় ছেড়ে দিলেন?”
আরও পড়ুন:
‘থার’ ছবির পরে নতুন কাজ শুরু করেছেন হর্ষবর্ধন। অনুরাগীদের প্রশ্নের স্পষ্ট উত্তর দিয়েছেন হর্ষবর্ধন। তিনি লেখেন, “আমি একেবারেই পিছিয়ে যাইনি। ‘থার’-এর মুক্তির দিন থেকেই নতুন একটি ছবির কাজ করছি। ‘থার’ তৈরি করতে পাঁচ বছর লেগেছিল। বর্তমানে যে ছবিটি করছি, সেটি শেষ করতে দুই থেকে তিন বছর লেগে গিয়েছে। আগামী ৩০ জুন ছবিটির শুটিং শেষ করব। আমি ছবিটির প্রযোজনাও করছি।”
তিনি আরও বলেন, “এক জন অভিনেতা বছরে একাধিক ছবি করবেন, এটা দেখতেই হয়তো দর্শক অভ্যস্ত। কিন্তু ব্যতিক্রমী প্রকল্প তৈরি করতে দীর্ঘ সময় লাগে।’’ তাই এমন ধরনের কাজ বছরে একাধিক বার করা সম্ভব নয় বলেই মন্তব্য করেন তিনি। নিজের আসন্ন ছবি সম্পর্কে হর্ষের দাবি, এটি তাঁর কেরিয়ারের সেরা কাজ হতে চলেছে। তিনি বলেন, “নতুন ছবিটি আমার এখন পর্যন্ত সেরা কাজ। এটি একেবারেই ভিন্নধর্মী এবং অনন্য।”
আরও পড়ুন:
প্রসঙ্গত, অনিলের ছেলে এবং সোনমের ভাই হর্ষবর্ধন কপূর ২০১৬ সালে ‘মির্জা’ ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। পরবর্তীকালে তিনি ‘ভবেশ জোশী: সুপারহিরো’, ‘একে ভার্সেস একে’ এবং ‘থার’-এর মতো ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।
অন্য দিকে, অলিম্পিকে স্বর্ণপদকজয়ী শুটার অভিনব বিন্দ্রার জীবনীভিত্তিক ছবিতে হর্ষ অভিনয় করবেন বলে খবর ছড়িয়েছিল। ২০২৫ সালের এপ্রিলে ছবিটি বাতিল হয়ে যায় বলে জানা যায়।