ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’ তে পায়ের লিগামেন্ট ছিঁড়েছে নায়ক রাহুলের। বাস্তবে গত পরশু সেটে পড়ে গিয়ে ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ল অভিনেতা শুভ্রজিৎ সাহার! আনন্দবাজার ডট কম-কে এই খবর জানিয়েছেন অভিনেত্রী স্ত্রী প্রিয়াঙ্কা মিত্র।
প্রিয়াঙ্কার কথায়, ‘‘ধারাবাহিকেও দেখানো হচ্ছিল, নায়ক রাহুলের পায়ের লিগামেন্ট ছিঁড়েছে। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে সে। বাস্তবেও সেটাই ঘটল। সেটে শুট করতে করতে আচমকা পড়ে যায় শুভ্রজিৎ।’’ নায়কের পুরো শরীরের ভার গিয়ে পড়ে ডান পায়ের উপরে। ঘটে অঘটন। ওই অবস্থাতেই শুট শেষ করেন নায়ক। তত ক্ষণে পা ফুলে গিয়েছে। যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। শেষে আর ব্যথা সহ্য করতে না পেরে স্ত্রীকে ফোন করেন অভিনেতা। প্রিয়াঙ্কার কথায়, ‘‘ভাগ্যিস আমার কোনও শুট চলছে না বলে বাড়িতে ছিলাম। সঙ্গে সঙ্গে সেটে আসি। শুভ্রজিতের পায়ের এক্সরে করাই।’’
শনিবার চিকিৎসকের কাছে গেলে তিনি শুভ্রজিতদের জানান, ডান পায়ের ৬০ শতাংশ লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। চার সপ্তাহ বিছানাবন্দি থাকতে হবে নায়ককে। কিন্তু তাঁকে ছাড়া ধারাবাহিকের শুটিং কী করে হবে? প্রিয়াঙ্কার কথায়, ‘‘তাই একদিন অন্তর শুট করবেন শুভ্রজিৎ।’’ এখন কী অবস্থা নায়কের? অভিনেত্রী স্ত্রী জানিয়েছেন, লাঠিতে ভর দিয়ে হাঁটছেন অভিনেতা। প্রচুর ওষুধ খেতে হচ্ছে। পায়ে চাপ পড়লে বা বেশিক্ষণ দাঁড়ালে ফুলে যাচ্ছে পা। ব্যথাও বাড়ছে। এ ভাবেই দিন কাটছে ছোটপর্দার ‘রাহুল’-এর। স্ত্রী এখন ছায়াসঙ্গী। অভিনেতা স্বামীকে সেটে নিয়ে যাচ্ছেন। আবার বাড়ি ফিরিয়ে আনছেন।
আরও পড়ুন:
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অর্কপ্রভ রায় হয়ে শুভ্রজিৎ সাহা। প্রত্যেকের চিত্রনাট্য আর বাস্তবের কত মিল! প্রসঙ্গ তুলতেই প্রিয়াঙ্কা বললেন, ‘‘ধারাবাহিকের শুরু থেকে শুভ্রজিতের সঙ্গে কিছু না কিছু ঘটছেই। প্রোমো শুটের সময় পড়ে গিয়ে কপাল ফাটিয়ে ফেলেছিল। পাঁচটা সেলাই পড়েছিল। ওই অবস্থায় কখনও বাইক চালিয়ে, কখনও মাঝসমুদ্রে নেমে শুট করেছে শুভ্রজিৎ।’’