Advertisement
E-Paper

‘ইয়ার্কি নাকি’! চড় খাওয়ার মতো পরিস্থিতি! ভয়ে ভয়েই নাসিরউদ্দিনকে ‘রিটেক’ করতে বলেন ইমতিয়াজ়, তার পরে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমতিয়াজ় আলি জানিয়েছেন, কী ভাবে নানা দৃশ্যে নাসিরউদ্দিন শাহকে বার বার তিনি আটকাতেন, আবার করে সেই দৃশ্য অভিনয় করতে বলতেন। অভিনেতা শুনতেন সেই কথা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ১৮:৩৪
ইমতিয়াজ়ের উপরে রেগে গিয়েছিলেন নাসিরউদ্দিন?

ইমতিয়াজ়ের উপরে রেগে গিয়েছিলেন নাসিরউদ্দিন? ছবি: সংগৃহীত।

মুক্তির অপেক্ষায় পরিচালক ইমতিয়াজ় আলির ছবি ‘ম্যায়ঁ ওয়াপস আউঙ্গা’। ছবির অভিনেতা-অভিনেত্রীদের তালিকা ইতিমধ্যেই নজর কেড়েছে। ইমতিয়াজ়ের পরিচালনায় দেখা যাবে বেদাঙ্গ রায়না, শর্বরী, দিলজিৎ দোসাঞ্জ ও বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমতিয়াজ় জানিয়েছেন, কী ভাবে নানা দৃশ্যে নাসিরউদ্দিনকে বার বার আটকাতেন, আবার করে সেই দৃশ্য অভিনয় করতে বলতেন। পরিচালকের কথায়, এত বার নাসিরউদ্দিনকে তিনি ‘বিরক্ত’ করেছেন যে ঘুরিয়ে ‘চড় খাওয়া’র আশঙ্কাও ছিল।

পরিচালকের কথায়, নাসিরউদ্দিনের সঙ্গে তিনি অনেকটাই স্বচ্ছন্দে কাজ করেছেন। এতটা সুবিধা হয়তো বেদাঙ্গ বা শর্বরীর ক্ষেত্রেও হয়নি। শুটিংয়ে নাসিরউদ্দিনকে নাকি অনেক সময়েই তিনি মাঝপথে থামিয়ে দিতেন। পরিচালক হিসাবে নিজের চাহিদা বোঝাতেন এবং সঙ্গে সঙ্গে নাসিরউদ্দিন সে ভাবেই নিজের অভিনয়ে দৃশ্য ফুটিয়ে তুলতেন। তবে এতে তিনি ক্লান্তও হয়ে পড়তেন। তবুও ইমতিয়াজ় নাকি তাঁকে নতুন করে ‘টেক’ দিতে বলতেন।

ইমতিয়াজ় বলেন, “ওঁর মতো অভিনেতাকে যদি কিছু বলা হয়, সেটা সঙ্গে সঙ্গে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। ক্লাইম্যাক্সের একটা সুন্দর দৃশ্যায়নের পরে, সব শেষ তখন, নাসিরজিও ক্লান্ত। মনে আছে, আমি দিলজিৎকে বলেছিলাম যে, আমি ওঁকে (নাসিরউদ্দিন) দৃশ্যটার আর একটা ‘টেক’ দিতে বলব। দিলজিৎ শুনেই বলেন, ‘ওরে বাবা রে। আমি বাইরে যাচ্ছি, আপনি কথা বলে নিন। শুভেচ্ছা রইল স্যর!’ তার পরে নাসিরজি বলেন, ‘ইয়ার্কি নাকি! আবার একটা ‘টেক’ কী করে দেব? তুমি ঠিক কী চাইছ বলো তো?’ তার পরে আমি জানাই আমার চাহিদা, উনি রাজিও হয়ে যান।” ইমতিয়াজ়ের কথায়, নাসিরউদ্দিন খানিকটা শিশুদের মতো। ওই ভাবেই তিনি উত্তর দেন। তা ছাড়া, ওই দৃশ্যটি বেশ ক্লান্তিকর ও যন্ত্রণাদায়ক ছিল। ফলে দ্বিতীয় বার ‘টেক’ দেওয়া বেশ কষ্টের, যদিও নাসিরউদ্দিন পরিচালকের কথা শুনেছিলেন।

তবে মজার বিষয়, এত কিছুর পরেও শেষপর্যন্ত সেই দৃশ্যের প্রথম ‘টেক’টিই মূল ছবিতে ব্যবহার করেছেন ইমতিয়াজ়। তিনি বলেন, “নাসিরউদ্দিনকে পর্দায় দেখে দর্শক কেমন প্রতিক্রিয়া দেন, তা জানার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষায়। কারণ, আমি অন্তত তাঁকে কোনও ছবিতেই এই ভাবে এর আগে দেখিনি। আমি চাইনি, তাঁকে কোনও গতে বাঁধা চরিত্রে নিতে। নাসিরউদ্দিন শাহের জন্য নতুন কিছু তো থাকতেই হবে। কারণ, এই মানুষটি প্রায় সবরকমের কাজই ইতিমধ্যে করে ফেলেছেন।

ছবিটি একটি প্রেমের গল্প, যার পটভূমি দেশভাগ। আগামী ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবিটি।

Naseeruddin Shah Imtiaz Ali Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy