Advertisement
E-Paper

Sreemoyee: আবার ফিরছে ‘শ্রীময়ী’, নায়িকার ভূমিকায় ঊষসী, জুন আন্টি, রোহিত সেন কে?

অনুরাগীদের কাছে ইউটিউবার জানতে চেয়েছেন, কে বেশি ভাল ‘জুন আন্টি’? তিনি না ঊষসী?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২২ ২১:৩১
ঊষসী ‘শ্রীময়ী’

ঊষসী ‘শ্রীময়ী’

শ্রীময়ী শেষ হওয়ার পরেই আনন্দবাজার অনলাইনকে জুন আন্টি ওরফে ঊষসী চক্রবর্তী জানিয়েছিলেন, এখনই আর ছোট পর্দায় নয়। আপাতত কিছু দিন বিশ্রাম নেবেন। তার পর কাজ করবেন বড় পর্দা কিংবা সিরিজে। বিজ্ঞাপনী চিত্রের জন্যও ডাক পাচ্ছেন। তবে সবার আগে বাড়ি বদল। এ দিকে রবিবাসরীয় সকাল থেকে জোর গুঞ্জন, আবারও নাকি ফিরতে চলেছে লীনা গঙ্গোপাধ্যায়ের শ্রীময়ী। তবে এ বার বদলে যাচ্ছে অভিনেতা-অভিনেত্রী। জুন আন্টির ভূমিকায় আর অভিনয় করবেন না ঊষসী। তাঁকে দেখা যাবে নায়িকার ভূমিকায়!

‘শ্রীময়ী’ শেষ হয়ে গিয়েছে দু’মাসের উপরে। দর্শকদের আক্ষেপ কিন্তু মেটেনি। বিশেষ করে যাঁরা রোহিত সেন-শ্রীময়ীর সুখী দাম্পত্য দেখার আশায় ছিলেন। এই গুঞ্জনে তাঁরা বেজায় খুশি। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, তা হলে ‘জুন আন্টি’ কে হবে? তার উত্তর নাকি রয়েছে ফেসবুকের পাতায়। দাপুটে খলনায়িকার ভূমিকায় আসছেন স্যান্ডি সাহা! এ রকমই একটি ভিডিয়ো স্যান্ডি পোস্ট করেছেন। যেখানে ‘শ্রীময়ী’ ঊষসীকে জুনের ভঙ্গিতে কটূক্তি করে চড় খেয়েছেন জনপ্রিয় ইউটিউবার।

কবে থেকে আসছে নতুন ‘শ্রীময়ী’? ব্যাপারটা হলে কেমন হয়? ঊষসীর কাছে জানতে চেয়েছিল আনন্দবাজার অনলাইন। অভিনেত্রীর কথায়, ‘‘পুরোটাই হয়েছে মজার ছলে। স্যান্ডির ভাবনায়। স্যান্ডি রিল ভিডিয়ো বানানোর অনুরোধ জানিয়েছিলেন। সেখানে উনি জুন আমি শ্রীময়ী। শুনে আমারও মজা লাগে। রাজি হয়ে যাই।’’ তার পরেই তাঁর দাবি, এমন উলটপুরাণ ঘটলে মন্দ হয় না। তবে তিনি ‘শ্রীময়ী’ হলে টোটা রায়চৌধুরীকেই আবার ‘রোহিত সেন’ হতে হবে! রিলে কালো শাড়িতে ঊষসী নিজেকে সাজিয়েছেন ‘শ্রীময়ী’র মতো করে। কুর্তা, ধোতি প্যান্ট, উত্তরীয় পরে ‘জুন আন্টি’ সেজেছেন স্যান্ডি স্বয়ং। তার পরেই কাল্পনিক সংলাপ বলে অভিনয়।

সব দেখে চোখ কপালে স্যান্ডির অনুরাগীদের। তাঁদের কাছে ইউটিউবার জানতে চেয়েছেন, কে বেশি ভাল জুন আন্টি? তিনি না ঊষসী? সবাই এক বাক্যে স্বীকার করেছেন, সত্যিই চরিত্র বদলে গেলে খলনায়িকার ভূমিকায় দুর্দান্ত অভিনয় করবেন তিনি।

Sreemoyee June Aunty Rohit Sen Tota Roy Chowdhury Ushasie Chakraborty indrani haldar sandy saha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy