‘বিগ বস্’-এর ঘর থেকে তাঁদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। প্রায়ই নানা বিষয় নিয়ে কলহে জড়ান শিল্পা শিন্দে ও হিনা খান। এ বার খান স্যরকে নিয়ে হিনাকে খোঁচা দিলেন শিল্পা।
সম্প্রতি বিহারের পটনায় ফয়জ়ল খান তথা খান স্যর-এর কোচিং সেন্টারে গুলি চালানোর ঘটনা বার বার শিরোনামে উঠে এসেছে। শিল্পার বক্তব্য, এই ঘটনায় খান স্যরের পাশে দাঁড়ানো উচিত হিনার। যদিও সরাসরি তিনি হিনার নাম উল্লেখ করেননি। কিন্তু নেটাগরিকের বুঝতে সময় লাগেনি।
কিছু দিন আগেই, ‘ভাবীজি ঘর পর হ্যায়’-খ্যাত অভিনেত্রী জানান যে, তিনি এক নামী প্রযোজকের নামে যৌন হেনস্থার মিথ্যা অভিযোগ করেছিলেন। তা নিয়ে সমালোচনায় বিদ্ধ অভিনেত্রী। বিষয়টি নিয়ে হিনাও খোঁচা দিয়েছেন শিল্পাকে।
তাই নাম না করে হিনাকে নিয়ে শিল্পা বলেছেন যে, ইংরেজিতে সমাজমাধ্যমে বড় করে কিছু লেখার নেই তাঁর। ইংরেজি বলতে পারার ক্ষমতা নিয়েও কোনও গর্ব নেই। তিনি বরং মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে পছন্দ করেন। শিল্পার কথায়, “আমার ন্যায়বিচার একটু পরে পেলেও চলবে। যাঁরা আমাকে শাস্তি দিতে চান এবং যাঁরা প্রযোজকের বিরুদ্ধে বিচার চাইছেন, তাঁদের আমি বলতে চাই, কথা বলতে তো কোনও পয়সা খরচ হয় না।” এর পরেই ফয়জ়ল খানের প্রসঙ্গ টেনে এনে শিল্পা বলেছেন, “এখন সময় এসেছে সঠিক মানুষের জন্য লড়াই করার। খান স্যারের জন্য।”
আরও পড়ুন:
ব্যঙ্গ করেই শিল্পা বলেছেন, “আপনারা যদি কথা বলেন, তার কতটা প্রভাব পড়বে জানেন? পুরো সংবাদমাধ্যম আপনাদের ঘিরে থাকবে। তাই না? আসুন, এগিয়ে আসুন। আমার জন্য যে ভাবে দু’একটা কথা বলছেন, সেই ভাবেই এ বার খান স্যরের জন্যও বলুন। আমি জানি, আপনারা ওঁর বিচারের দাবি তুলবেন। আর এ বার আমিও আপনাদের সঙ্গে আছি। তার পরে না হয় আমাকে শাস্তি দেবেন।” শিল্পার এই বক্তব্য হিনাকে নিশানা করেই, এমন দাবি নেটাগরিকের একাংশের। সেই দাবিতে অবশ্য আপত্তি জানাননি শিল্পা। যদিও হিনা এখনও বিষয়টি নিয়ে চুপ।
উল্লেখ্য, গত ২ জুন ১৫-২০ জন ব্যক্তি খান স্যরের কোচিং সেন্টারে ভাঙচুর চালান বলে অভিযোগ। ইট, পাথর ছোড়া হয় বলেও দাবি। ঘটনাকে ঘিরে হুলস্থুল পড়ে যায় গোটা পটনায়। হামলার পর দিন খান স্যরের কোচিং সেন্টারের দুই রক্ষীকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে এই ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছিল খান স্যরের বিরুদ্ধেও। যদিও ঘটনায় গ্রেফতারি থেকে আপাতত স্বস্তি পেয়েছেন পটনার খান স্যর।