বদহজমের জন্য বমি ভাব হোক বা চলন্ত গাড়িতে বমি-ভাব, মুখে এক টুকরো শুকনো আদা রাখলেই স্বস্তি মেলে খানিকটা। সর্দি-কাশিতেও এমন টোটকার জুড়ি মেলা ভার। হাতের কাছে শুকনো আদা থাকলে চটজলদি আরাম মেলে। দোকানে শুকনো আদা বিক্রি হয়। তবে কোনওটির চড়া নুন, কোনওটি স্বাদে ভাল লাগে না। দোকান থেকে না কিনে বাড়িতেই বানিয়ে নিন শুকনো আদার কুচি।
আদার উপরের খোসা ছাড়িয়ে জল দিয়ে ভাল করে ধুয়ে নিন। আদা মাটির নীচে হয় বলে কাদা-ময়লা লেগে থাকে। সেগুলি ধুয়ে নেওয়া জরুরি। ছুরি বা গ্রেটারের সাহায্যে সরু সরু করে কেটে নিন। আদা শুধু শুকোলেই হয় না, তা যাতে দীর্ঘ দিন ভাল থাকে তার জন্য দরকার প্রিজ়ারভেটিভ বা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উপকরণের। সেই কাজটি করে নুন। নুন আদার জলীয় অংশ বার করে দেয়, তা ছাড়া ব্যাক্টেরিয়া, ছত্রাক জন্মানোর থেকেও বাঁচায়। তবে নুন যেন পরিমিত হয়। নুন চড়া হলে খেতে ভাল লাগবে না।
আদা কুচিতে অল্প নুন, এক চিমটে হলুদ, গোলমরিচ মিশিয়ে নিতে পারেন। আদাগুলি পরিষ্কার সুতির কাপড়ে চাড়িয়ে দিন। নিয়ম করে রোদে দিন যত ক্ষণ না পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। দ্রুত শুকোতে চাইলে মাইক্রোওয়েভ অভেনে বেক করেও নিতে পারেন। শুকিয়ে গেলে শুকনো আদা কাচের বয়ামে ভরে রাখুন। খেয়াল রাখতে হবে বয়ামের ঢাকনা যেন ভাল করে বন্ধ করা থাকে। বাইরের জলীয় বাষ্প ভিতরে ঢুকে গেলে শুকনো আদার স্বাদ ও ঝাঁঝ নষ্ট হয়ে যাবে।