Advertisement
E-Paper

গন্ধেই দূরে পালান অনেকে! কিন্তু সেই ফলের বীজই টক্কর দিতে পারে বাদামকেও, চিনুন গরমের ‘সুপারফুড’

চারদিকে যখন বীজের চাহিদা বেড়েছে, তা হলে কাঁঠালের বীজ কেন জায়গা পাবে ময়লার বালতিতে? তবে কাঁঠালের বীজ দিয়ে তরকারি হয় একাধিক ভারতীয় বাড়িতে। কিন্তু তার প্রকৃত গুণ জেনে গেলে শুধু শুধুই খেতে চাইবেন আপনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৯:৩৭
ফলের বীজেই মিলবে প্রোটিন বার ও শেকের উপকারিতা।

ফলের বীজেই মিলবে প্রোটিন বার ও শেকের উপকারিতা। ছবি: এআই সহায়তায় প্রণীত।

খাবার নিয়ে অত্যন্ত সচেতন। ডায়েটের জন্য রান্নাঘর ভর্তি চিয়া বীজ থেকে আমন্ড, তিসির বীজ থেকে চিনেবাদাম। অথচ গরমের মরসুমের অত্যন্ত স্বাস্থ্যকর ফলের দিকে ফিরেও তাকান না। কেবল কোয়া নয়, তার বীজেও রয়েছে নানাবিধ পুষ্টিগুণ। প্রচারের আলো পেলে সহজেই ‘সুপারফু়ড’-এর তালিকায় যোগ হতে পারে। আর তা হল, কাঁঠাল এবং কাঁঠালের বীজ। চার দিকে যখন বীজের চাহিদা বেড়েছে, তা হলে এই ফলের বীজ কেন জায়গা পাবে ময়লার বালতিতে? তবে কাঁঠালের বীজ দিয়ে তরকারি হয় একাধিক ভারতীয় বাড়িতে। কিন্তু তার প্রকৃত গুণ জেনে গেলে শুধু শুধুই খেতে চাইবেন আপনি। জায়গা পাবে কেতাদুরস্ত ডায়েটেও।

এতে রয়েছে প্রোটিন, ডায়েটরি ফাইবার, নানাবিধ খনিজ এবং বিভিন্ন উপকারী উদ্ভিজ্জ উপাদান, যা শরীরের জন্য নানা ভাবে উপকারী হতে পারে। কাঁঠালের বীজ খাওয়া যেতে পারে রোস্ট করে, সেদ্ধ করে অথবা তেলে হালকা সাঁতলে নিয়ে। রান্নায় কাঠালের বীজ যোগ করা তো অবশ্যই সহজ পন্থা।

কাঁঠালের বীজের উপকারিতা।

কাঁঠালের বীজের উপকারিতা। ছবি: সংগৃহীত

তা হলে এটি নিয়মিত খেলে কী কী উপকারিতা মিলতে পারে?

১. প্রোটিনে ভরপুর: ১০০ গ্রাম কাঁঠাল বীজে থাকতে পারে ৫-৬ গ্রামের বেশি প্রোটিন। কাঁঠালের বীজে উল্লেখযোগ্য পরিমাণ উদ্ভিজ্জ প্রোটিন থাকে বলে নিরামিষাশীরাও খেতে পারেন। যদিও এটি ডাল বা অন্যান্য উচ্চ-প্রোটিন খাদ্যের বিকল্প নয়, তবু রোজের খাবারে অতিরিক্ত প্রোটিন যোগ করতে সাহায্য করতে পারে। নামীদামি প্রোটিন বার, প্রোটিন শেকের দুর্দান্ত বিকল্প হিসেবে প্রচার পেতে পারে এই বীজ।

২. পুষ্টিগুণে ভরপুর: ভিটামিন বি১, ভিটামিন বি২, ফাইবার, প্রোটিন, রেজ়িস্ট্যান্ট স্টার্চে ভরা পুষ্টিকর এক খাবার কাঁঠালের বীজ। তা ছাড়া কাঁঠালের বীজে আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম এবং ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ খনিজও পাওয়া যায়। ফলে অন্যান্য ‘সুপারফুড’-এর তুলনায় কিছু কম যায় না এই ফলের বীজ।

৩. হজম ও অন্ত্রের স্বাস্থ্যে সহায়ক: কাঁঠালের বীজে প্রচুর ডায়েটরি ফাইবার রয়েছে। যে এই ফাইবার হজমপ্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং দীর্ঘ ক্ষণ পেট ভরিয়ে রাখে। যাঁরা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাঁদের ক্ষেত্রেও ফাইবারসমৃদ্ধ খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ওজন কমানো ও অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী এই বীজ খাবারে রাখতে পারেন। অন্ত্রের উপকারী জীবাণুগুলির জন্যও ভাল এর ডায়েটারি ফাইবার। ফলে নিয়মিত পরিমিত এবং পরিমাণে কাঁঠালের বীজ খেলে অন্ত্রের সামগ্রিক স্বাস্থ্য ভাল থাকতে পারে।

৪. রেজ়িস্ট্যান্ট স্টার্চে ভরপুর: এতে রয়েছে রেজ়িস্ট্যান্ট স্টার্চ, যা পেটের ভাল ব্যাক্টেরিয়াগুলির জন্য উপকারী। ফলে পেটের স্বাস্থ্য এবং হজমের ক্ষমতা বৃদ্ধি পায়। রেজ়িস্ট্যান্ট স্টার্চে উচ্চ পরিমাণে ফাইবার থাকে। এতে ক্যালোরির পরিমাণ কম থাকে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করার কাজ সহজ হয়ে যায়।

৫. অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর: কাঁঠালের বীজে এমন কিছু উদ্ভিজ্জ যৌগ রয়েছে, যা অ্যান্টি-অক্সিড্যান্ট হিসেবে কাজ করতে পারে। অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরকে অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতিকর প্রভাব থেকে কিছুটা হলেও সুরক্ষা দিতে সাহায্য করে।

Jackfruit Seeds Jackfruits
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy