ওজন ঝরাতে গেলে বাদ দিতেই হবে সাদা ভাত, পাউরুটি, চিনি। বাদ হতে হবে তিন সাদা। তবেই না কি গলবে মেদ!
ওজন কমানো নিয়ে সমাজমাধ্যমে নানা পরামর্শের ছড়াছড়ি। কেউ কার্বোহাইড্রেট বাদ দিয়ে প্রোটিন খাবার তালিকায় রাখার উপদেশ দিচ্ছেন, কেউ আবার বলছেন সাদা ভাত বাদ দিয়ে ব্রাউন রাইস বা ঢেঁকি ছাঁটা চাল খেতে। সাদা পাউরুটির বদলে মাল্টি গ্রেন ব্রেড খেতে, তবেই না কি গলবে মেদ, কমবে ওজন।
আরও পড়ুন:
তবে এই ভাবনা নিয়ে একেবারেই সহমত নন, বলিউড অভিনেত্রী তমন্না ভাটিয়ার ফিটনেস প্রশিক্ষক সিদ্ধার্থ সিংহ। দীর্ঘ দিন ধরে মুম্বইতে কাজ করছেন তিনি। তাঁর ফিটনেস পরামর্শ মেনে চলেন একাধিক তারকা। সিদ্ধার্থর কথায়, এই ভাবে ওজন কমে না। বরং তাঁর মত, এত দিন ধরে যে, যা খেতে অভ্যস্ত তা ছাড়ার দরকার নেই। তাঁর বক্তব্য, কোন খাবার, কতটা পরিমাণে, কখন খাওয়া হচ্ছে, তার সঙ্গে ওজন কমা বা বৃদ্ধির সম্পর্ক রয়েছে।
সিদ্ধার্থের কথায়, ভাত, পাউরুটি বা টক দই বদলে শৌখিন খাবার বেছে নেওয়ার প্রয়োজন নেই। বরং যখন যা খাবেন, তা যেন পরিমিত হয়। ক্যালোরির অঙ্ক ঠিক রাখা বেশি জরুরি। চিপ্স, আইসক্রিমের মতো খাবারও পুরোপুরি ছাড়তে বলছেন না তিনি। কখনও তা খাওয়ার ইচ্ছা হলে খেতে হবে স্বল্প পরিমাণে।
কখন খাবেন
ওজন কমাতে গেলে খাওয়াদাওয়ায় পরিমিতি বোধ যেমন জরুরি, তেমনই গুরুত্বপূর্ণ হল খাবারের সময়। এক একদিন এক একসময়ে না খেয়ে, ঘড়ি ধরে খাবার সময় নির্দিষ্ট করা যায়। বিশেষত বেশি রাত করে খেয়ে শুয়ে পড়াও ঠিক নয়। কেউ যদি দিনভর কম খান, তা-ও রাত করে ভরপেট খেয়ে ঘুমোতে গেলে ওজন কমানো সমস্যার হতে পারে।
ওজন কমাতে গেলে ধারাবাহিক ভাবে চেষ্টা করা দরকার। সঠিক এবং পরিমিত খাবার খাওয়া, শরীরচর্চাই মেদ গলাতে সাহায্য করে। খাবার বদলালেই ওজন কমে না।