Advertisement
E-Paper

সকাল সকাল পেট ফাঁপা, অম্বলের সমস্যা? গরমের প্রিয়, মিষ্টি ফল মুখে পুরলেই নিমেষে প্রশান্তি!

শুধু স্বাদের জন্যই নয়, শরীরকে ঠান্ডা রাখা এবং জলের ঘাটতি পূরণ করতেও তালশাঁসের জুড়ি মেলা ভার। তবে পুষ্টিবিদদের মতে, তালের শাঁসের আরও কিছু উপকারিতা রয়েছে, বিশেষ করে যাঁরা ঘন ঘন অম্বল, পেট জ্বালা বা পেট ফাঁপার সমস্যায় ভোগেন, তাঁদের জন্য এটি উপকারী হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৬:৩২
কোন ফল খেলে সমস্য়া কমবে?

কোন ফল খেলে সমস্য়া কমবে? ছবি: এআই সহায়তায় প্রণীত।

গরমের এই সময়ে বাজার ভরে উঠেছে তালশাঁসে। নরম, রসালো, হালকা মিষ্টি, জলে ভরা এই ফলের জন্য বছরভর অপেক্ষা করেন অনেকে। তার উপর যদি কচি তালশাঁস হয়, তা হলে মুখে দিলেই গলে যাবে। গরমে এমন ফল খেলে সারা শরীর জুড়িয়ে আসে। তবে অনেকেই এই ফল কেবল ভালবেসে খান, কেউ আবার স্বাস্থ্যরক্ষার কথা ভেবে খান, কেউ বা একেবারেই পছন্দ করেন না। কিন্তু তালশাঁস খাওয়া যে স্বাস্থ্যের পক্ষে কত দিক দিয়ে ভাল, তা অনেকেই জানেন না।

শুধু স্বাদের জন্যই নয়, শরীরকে ঠান্ডা রাখা এবং জলের ঘাটতি পূরণ করতেও তালশাঁসের জুড়ি মেলা ভার। তবে পুষ্টিবিদদের মতে, তালের শাঁসের আরও কিছু উপকারিতা রয়েছে, বিশেষ করে যাঁরা ঘন ঘন অম্বল, পেট জ্বালা বা পেট ফাঁপার সমস্যায় ভোগেন, তাঁদের জন্য এটি উপকারী হতে পারে। করিনা কপূর এবং আলিয়া ভট্টের পুষ্টিবিদ রুজুতা দিবেকর এক বার তালশাঁসের উপকারিতার কথা বলতে গিয়ে এ কথা জানান।

তালশাঁসের উপকারিতা।

তালশাঁসের উপকারিতা। ছবি: সংগৃহীত

কোন কোন পরিস্থিতিতে তালশাঁস খাওয়া উচিত?

পুষ্টিবিদের মতে, যদি নিম্নোক্ত সমস্যাগুলি হয়, তা হলে তালশাঁস খাওয়া উচিত—

· ঘুম থেকে উঠেই যদি পেট ফাঁপার সমস্যা হয়

· মাঝেমধ্যেই মাথা ব্যথা এবং অ্যাসিডিটির সমস্যা হলে

· কোষ্ঠকাঠিন্যে না ভুগলেও এক বারে পেট পরিষ্কার না হলে়

· ত্বকের এক এক অংশে যদি রোদে পোড়ার ভিন্ন ভিন্ন রং হয়

· শরীরে যদি অস্বস্তি বেড়েই চলে

অন্ত্রের স্বাস্থ্য কী ভাবে ভাল রাখে তালশাঁস?

গরমে শরীরকে ঠান্ডা রাখা: তালের শাঁসের সবচেয়ে জনপ্রিয় গুণ হল এর শীতল প্রকৃতি। প্রচণ্ড গরমে শরীরের ভিতরের উত্তাপ কমাতে এটি সাহায্য করতে পারে। এতে জলের পরিমাণও অনেক বেশি, ফলে শরীর আর্দ্র রাখতে সাহায্য করে। চিকিৎসকদের মতে, গরমের দিনে অতিরিক্ত ঘাম হলে শরীর থেকে যে জল বেরিয়ে যায়, তা কিছুটা পূরণ করতেও সাহায্য করতে পারে।

হজমে সাহায্য করা: তালের শাঁসে কিছু পরিমাণ ডায়েটারি ফাইবার রয়েছে, যা হজম প্রক্রিয়াকে উন্নত করে। নিয়মিত ও পরিমিত পরিমাণে খেলে অন্ত্রের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতে সাহায্য করতে পারে।

অম্বল দূর করা: যাঁদের প্রায়ই অম্বল, বুকজ্বালা বা পেটে জ্বালা জ্বালা অনুভূতি হয়, তাঁদের জন্য তালের শাঁস উপকারী হতে পারে। চিকিৎসকদের মতে, এর শীতলীকরণ বৈশিষ্ট্য পাকস্থলীর অস্বস্তি কমাতে সাহায্য করে। মশলাদার বা ভারী খাবার খাওয়ার পরে অনেকেই এটি খেলে আরাম পান।

পেট ফাঁপার সমস্যা দূর করা: সকালে ঘুম থেকে উঠেই অনেকের পেট ভার লাগা বা পেট ফাঁপার সমস্যা দেখা দেয়। তালশাঁসে থাকা জল ও প্রাকৃতিক উপাদান হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করতে পারে। যদিও এটি কোনও ওষুধ নয়, তবু খাদ্যতালিকার অংশ হিসাবে রাখলে উপকৃত হতে পারেন।

কম ক্যালোরিযুক্ত খাবার: মিষ্টি স্বাদ থাকলেও তালের শাঁসে ক্যালোরি তুলনামূলক কম। তাই গরমের দিনে ঠান্ডা পানীয় বা অতিরিক্ত মিষ্টি খাবারের পরিবর্তে এটি খেতে পারেন। তৃপ্তি কম হবে না।

Ice Apple Gut Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy