অনেকেই একই সংস্থায় বেশি দিন কাজ করতে চান না। কখনও পদোন্নতির আকর্ষণে কখনও আবার শুধুমাত্র কাজের একঘেয়েমি দূর করতে ঘন ঘন চাকরি বদল করতে থাকেন। কিন্তু এর ফলে হিতে বিপরীত হওয়ারও সম্ভাবনা থাকে। নতুন চাকরির ইন্টারভিউ দেওয়ার সময় কঠিন প্রশ্নের সম্মুখীনও হতে হয়। অনেকেই মনে করেন, এক জায়গায় মন থিতু না হওয়ার কারণ রয়েছে এর নেপথ্যে। এই অনিশ্চয়তা অধিকাংশ ক্ষেত্রে চাকরিজীবীদের কেরিয়ারে উল্টো খাতে বইতে শুরু করে। তবে সংখ্যাতত্ত্ব অনুযায়ী, নির্দিষ্ট তিনটি জন্মসংখ্যার জাতক-জাতিকাদের ক্ষেত্রে ঘন ঘন চাকরি বদল ইতিবাচক পরিবর্তন বয়ে আনে। পাশাপাশি খুব কম সময়ের মধ্যেই তাঁরা উন্নতির শিখরে পৌঁছে যান। নীচে সেই জন্মসংখ্যাগুলি নিয়ে বিস্তারে আলোচনা করা হল—
জন্মসংখ্যা ৩
৩ সংখ্যার অধিপতি গ্রহ হল বৃহস্পতি যা জ্ঞান এবং ভাগ্যের প্রতীক। এই সংখ্যার জাতক-জাতিকারা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী হন। তাঁরা সব সময় কেরিয়ারে আরও উঁচুতে ওঠার চেষ্টা করেন। বর্তমান কর্মক্ষেত্রে তাঁদের যোগ্যতার সঠিক মূল্যায়ন না হলে তাঁরা বেশি দিন সেখানে সময় নষ্ট করেন না। নতুন বড় কোনও সুযোগ পাওয়া মাত্রই তাঁরা চাকরি পরিবর্তন করেন। এই ব্যক্তিদের নেতৃত্বদানের ক্ষমতা অসাধারণ হয়। তাই ঘন ঘন চাকরি বদলালেও প্রতিটি নতুন সংস্থায় তাঁরা খুব দ্রুত নিজেদের প্রমাণ করেন এবং উঁচু পদে পৌঁছে যান।
আরও পড়ুন:
জন্মসংখ্যা ৫
৫ জন্মসংখ্যার অধিপতি গ্রহ হল বুধ যা গতি, বুদ্ধিমত্তা এবং পরিবর্তনের প্রতীক। এই সংখ্যার ব্যক্তিরা একঘেয়েমি একেবারেই পছন্দ করেন না। একই টেবিলে বসে বছরের পর বছর একই কাজ করা তাঁদের পক্ষে কঠিন। তাঁরা প্রতি মুহূর্তে নতুন চ্যালেঞ্জ নিতে ভালবাসেন। কোনও চাকরিতে নতুন কিছু শেখার সুযোগ না পেলে অথবা পেশাজীবনের গতি শ্লথ হয়ে পড়লে তাঁরা অবলীলায় পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে যোগ দেন। বহুমুখী প্রতিভা এবং চমৎকার যোগাযোগ দক্ষতা থাকার কারণে আগের চাকরির তুলনায় বেশি পারিশ্রমিক এবং উঁচু পদ পেয়ে যান।
জন্মসংখ্যা ৬
৬ সংখ্যার অধিপতি গ্রহ শুক্র। এই জন্মসংখ্যার জাতক-জাতিকারা কেরিয়ারের শুরুর দিকে ঘন ঘন চাকরি বদলান। তবে তাঁরা মূলত বিলাসবহুল জীবন এবং মনের মতো পরিবেশের সন্ধানে এই কাজ করেন। যখনই তাঁরা তাঁদের সৃজনশীলতার উপযুক্ত মূল্য ও ভাল পারিপার্শ্বিক পরিবেশ পান, তখন সেই পরিবর্তনের মাধ্যমে তাঁদের দারুণ আর্থিক উন্নতি হয়।