Advertisement
E-Paper

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভালের সঙ্গে বৈঠক মার্কিন বিদেশসচিব রুবিয়োর, কী কী বিষয়ে আলোচনা?

সমাজমাধ্যমে একটি পোস্ট করে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বৈঠকে ডোভাল এবং রুবিয়ো— দু’জনেই ভারত-মার্কিন নিবিড় কৌশলগত বোঝাপড়াকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ২১:২৪
(বাঁ দিকে) মার্কো রুবিয়োর সঙ্গে অজিত ডোভাল (ডান দিকে)। রবিবার নয়াদিল্লিতে।

(বাঁ দিকে) মার্কো রুবিয়োর সঙ্গে অজিত ডোভাল (ডান দিকে)। রবিবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই।

দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি-সহ একাধিক বিষয় নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়। সমাজমাধ্যমে একটি পোস্ট করে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বৈঠকে ডোভাল এবং রুবিয়ো— দু’জনেই ভারত-মার্কিন নিবিড় কৌশলগত বোঝাপড়াকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন।

রুবিয়ো কেবল আমেরিকার বিদেশসচিবই নন, সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও বটে। সেই পদাধিকারবলেই ডোভালের সঙ্গে নানা আন্তর্জাতিক ঘটনা, ভারত-মার্কিন যৌথ স্বার্থ সুরক্ষিত রাখার বিষয়ে আলোচনা করেন। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে আমেরিকায় গিয়ে দুই দেশের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর ওই সফরেই ভারত এবং আমেরিকা সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), দুষ্প্রাপ্য খনিজ, শক্তি, মহাকাশবিজ্ঞানের মতো বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়। ডোভাল-রুবিয়ো বৈঠকে এই বিষয়গুলিও উত্থাপিত হয় বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।

বৈঠকের বিষয়ে জানিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছে ভারতের মার্কিন দূতাবাসও। ওই পোস্টে লেখা হয়েছে, “রুবিয়ো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভালের সঙ্গে সন্ত্রাসবিরোধী অভিযান, আঞ্চলিক ভারসাম্য এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় দ্বিপাক্ষিক কৌশলগত বোঝাপড়া মজবুত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।”

ডোভালের সঙ্গে বৈঠকের আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করেন রুবিয়ো। ওই বৈঠকেও দুই দেশের কৌশলগত বোঝাপড়া বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য, শক্তি, প্রতিরক্ষা, দুষ্প্রাপ্য খনিজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে আলোচনা হয়।

Marco Rubio Ajit Doval
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy