Advertisement
E-Paper

রেহাই মিলবে না এখনই! উত্তর ও মধ্য ভারতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা! আগামী ৪-৫ দিনে ভারী বৃষ্টি পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে

মে মাস শুরু হতেই চড়চড়িয়ে বেড়েছে তাপমাত্রা। দেশের উত্তর-পশ্চিম থেকে মধ্য এবং পূর্বের বিস্তীর্ণ অঞ্চল তাপপ্রবাহের কবলে। কোথাও আবার তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ১১:৪২
গরমে হাঁসফাঁস অবস্থা উত্তরপ্রদেশে। ছবি: পিটিআই।

গরমে হাঁসফাঁস অবস্থা উত্তরপ্রদেশে। ছবি: পিটিআই।

দেশের এক দিকে যখন তীব্র তাপপ্রবাহের সতর্কতা, তখন অন্য প্রান্তে আবার ভারী বর্ষণের পূর্বাভাস দিল মৌসম ভবন। তবে এখনই যে তাপপ্রবাহের কবল থেকে রেহাই মিলছে না, তা জানিয়ে দিয়েছে তারা। আগামী সপ্তাহেও উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারত গরমে পুড়বে। দেশের ওই অঞ্চলে এ মাসের শেষ পর্যন্ত তীব্র তাপপ্রবাহ চলবে।

মৌসম ভবন জানিয়েছে, ২৪ থেকে ২৯ মে পর্যন্ত উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে তীব্র তাপপ্রবাহ চলবে। পূর্ব ভারতে ২৬ মে পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে আগামী ৪-৫ দিনের মধ্যেই কেরল, লক্ষদ্বীপ, তামিলনাড়ু, উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল এবং লাগোয়া পূর্ব ভারতের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু স্থলভাগের দিকে আরও কিছুটা অগ্রসর হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রবেশ পথে এখনও পর্যন্ত কোনও বাধা নেই। ফলে সেটি আগামী তিন-চার দিনের মধ্যেই স্থলভাগে প্রবেশ করতে পারে। ২৬ মে কেরলে মৌসুমি বায়ু প্রবেশ করবে। ফলে সময়ের কয়েক দিন আগেই বর্ষা ঢুকছে দেশে।

দেশের দক্ষিণাঞ্চলে বর্ষণের পূর্বাভাস থাকলেও এ মাসের শেষ পর্যন্ত গরমের দাপট সহ্য করতে হবে উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের বাসিন্দাদের। আগামী ২৯ মে পর্যন্ত তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভে। অন্য দিকে, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতেও ২৯ মে পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। তবে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে ২৭ মে পর্যন্ত। রাজস্থানেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা ২৯ মে পর্যন্ত। গত কয়েক দিন ধরে উত্তর এবং মধ্য ভারতের বেশির ভাগ জায়গায় তাপমাত্রা ৪৫-৪৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। কোথাও কোথাও আবার ৪৮ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে গিয়েছে। তেলঙ্গানার কিছু অংশে ২৬ মে পর্যন্ত তাপপ্রবাহ চলবে। পশ্চিম ঝাড়খণ্ডে ২৫ মে, বিহারে ২৪ মে, ওড়িশা এবং ছত্তীসগঢ়ে ২৭ মে পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। অন্য দিকে, ২৪ মে পর্যন্ত ভ্যাপসা এবং অস্বস্তিকর গরম থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

Weather
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy