একটি অনুষ্ঠানে জসপ্রীত বুমরাহকে ‘ফুটবলার’ বলে সম্বোধন করে বসলেন রাম চরণ। বড় ভুল হয়ে গিয়েছে বুঝতে পেরে জোরে বোলারের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তেলগু চলচ্চিত্রের তারকা অভিনেতা।
শনিবার ভোপালে রাম চরণ তাঁর নতুন ছবি ‘পেড্ডি’র প্রচারে গিয়েছিলেন। সেখানে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলিদের পাশাপাশি বুমরাহেরও প্রশংসা করছিলেন রাম চরণ। তা করতে গিয়েই ভুল করে বসেন। ভারতীয় দলের জোরে বোলারকে ‘ফুটবলার’ বলেন। তাঁর এই মন্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক। ভক্তদের একাংশ বিস্মিত হন। প্রশ্ন ওঠে, বুমরাহের মতো ক্রিকেটারকে কি রাম চরণ চেনেন না? নাকি অন্য কারও সঙ্গে গুলিয়ে ফেললেন?
অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে দু’এক শব্দে কিছু বলার অনুরোধ করা হয় রাম চরণকে। সচিনকে বলেন কিংবদন্তি। ধোনি সম্পর্কে বলেন শান্ত, স্থির অধিনায়ক। কোহলিকে অসাধারণ ক্রিকেটার এবং রোহিত শর্মাকে প্রিয় ক্রিকেটার হিসাবে উল্লেখ করেন। এর পর বুমরাহকে নিয়ে তিনি বলেন, ‘‘জসপ্রীত জি আমরা আপনার ভীষণ ভক্ত। ফুটবল দেখতে এবং খেলতে আমি ভালবাসি। ফুটবলকে এত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আপনাকে ভালবাসি স্যর।’’ তাঁর এই মন্তব্যেই তৈরি হয় বিতর্ক। সমাজমাধ্যমে ভাইরাল হয়ে রাম চরণের এই মন্তব্য।
ভুল বুঝতে পেরে বুমরাহের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন অভিনেতা। অনভিপ্রেত মন্তব্যের জন্য নিজের ভুলোমনা স্বভাবকে দায়ী করেছেন। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘উফ... মাঝেই মাঝেই আমি নাম ভুল যাই। মনে রাখতে পারি না। ভুলের জন্য জসপ্রীত বুমরাহ জির কাছে ক্ষমা চাইছি। উত্তেজনা এবং ভিড়ের মধ্যে একটা বাজে ভুল করে ফেলেছি। মানুষ মাত্রই তো ভুল হয়। আমি আপনাকে সত্যিই শ্রদ্ধা করি। আমি আপনার বড় ভক্ত। আপনি যখন ব্যাটারদের চাপে রাখেন, তখন প্রত্যেক ভারতীয় গর্ববোধ করে।’’
আরও পড়ুন:
আগামী ৪ জুন মুক্তি পাবে ‘পেড্ড’। এই সিনেমায় রাম চরণকে এক জন বহুমুখী প্রতিভাবান ক্রীড়াবিদ হিসাবে দেখা যাবে। যিনি ক্রিকেট, কুস্তি, দৌড়ে দক্ষ। শনিবার ভোপালের অনুষ্ঠানে রাম চরণের সঙ্গে উপস্থিত ছিলেন জাহ্নবী কপুর, এ আর রহমানও।