Advertisement
E-Paper

লখনউয়ের শেষ ম্যাচে সুযোগ পেয়েই সফল অর্জুন, ছেলেকে অভিনন্দন সচিনের, ঘুরিয়ে পন্থদের কি হালকা খোঁচাও দিলেন

অর্জুন তেন্ডুলকরকে অভিনন্দন জানানোর পোস্টে সচিন তেন্ডুলকর প্রশংসা করেছেন, গোটা মরসুম ধৈর্য ধরে রাখার জন্য। ঘুরিয়ে কি লখনউ সুপার জায়ান্টস কর্তৃপক্ষকে হালকা খোঁচা দিয়েছেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ১৪:৪৩
picture of cricket

অর্জুন তেন্ডুলকর। ছবি: রয়টার্স।

আইপিএলের গ্রুপ পর্বে দলের শেষ ম্যাচ। সেটাই এ বারের মরসুমে অর্জুন তেন্ডুলকরের প্রথম ম্যাচ। ১৩ ম্যাচ অপেক্ষার পর লখনউ সুপার জায়ান্টসের জার্সি গায়ে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন অর্জুন। শনিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে অলরাউন্ডার পুত্রের পারফরম্যান্সের প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকর। ঘুরিয়ে লখনউ কর্তৃপক্ষকে হালকা খোঁচাও দিয়েছেন।

দলের একাধিক বোলার ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হলেও অর্জুনকে খেলানোর কথা ভাবেননি ঋষভ পন্থেরা। প্রতিযোগিতার শেষে এসে গুরুত্বহীন ম্যাচে অর্জুনকে খেলিয়েছেন তাঁরা। শনিবারের ম্যাচে খারাপ পারফরম্যান্স করেননি অর্জুন। ব্যাট করতে নেমে ৫ বলে ৫ রানে অপরাজিত থাকেন। পরে বল হাতে ৩৬ রানে ১ উইকেট দিয়েছেন ২৬ বছরের অলরাউন্ডার। ওভার প্রতি খরচ করেছেন ৯ রান।

ছেলের পারফরম্যান্সে খুশি সচিন সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘বেশ ভাল খেলেছ অর্জুন। গোটা মরসুমে নিজেকে যে ভাবে সামলে রেখেছ, তাতে আমি গর্বিত। নিজের দক্ষতার উপর ভরসা রেখেছ। ধৈর্য ধরে কঠোর অনুশীলন চালিয়ে গিয়েছ। সুযোগের অপেক্ষায় থাকলেও ইতিবাচক ছিলে। শুধু দক্ষতার নয়, ক্রিকেট ধৈর্যেরও পরীক্ষা নেয়। দুটোই তুমি খুব ভাল ভাবে সামলেছ। মাটিতে পা রেখে ক্রিকেটকে যে ভাবে ভালবেসেছ, সে ভাবেই ভালবেসে যাও। সব সময় তোমার পাশে রয়েছি।’’

ছেলের প্রশংসা করার পাশাপাশি লখনউ কর্তৃপক্ষকেও কি বার্তা দিতে চেয়েছেন সচিন? তাঁর পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের একাংশের মধ্যে। গোটা মরসুম ধৈর্য রাখার মাধ্যমে কি ঘুরিয়ে ছেলের প্রতি বঞ্চনার কথা বলতে চেয়েছেন? উল্লেখ্য, আইপিএলের গত নিলামের আগেই অর্জুনকে ৩০ লাখ টাকায় মুম্বই ইন্ডিয়ান্স থেকে কিনে নিয়েছিল লখনউ।

সংক্ষেপে
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
  • আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
LSG Arjun Tendulkar Sachin Tendulkar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy