Advertisement
E-Paper

ইরানের সমর্থকদের টিকিট দেবে না ফিফা! বিশ্বকাপের দু’দিন আগে আবার জটিলতা

বিশ্বকাপ শুরু হতে চললেও বিতর্ক থামার নাম নেই। ইরান ফুটবল সংস্থার অভিযোগ, তাদের সমর্থকদের জন্য বরাদ্দ টিকিট বাতিল করে দিয়েছে ফিফা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৬:২২
sports

ওয়াশিংটনে ইরানের সমর্থকদের প্রতিবাদ। ছবি: রয়টার্স।

দু’দিন পরেই শুরু ফুটবল বিশ্বকাপ। ৪৮ দেশ ও তাদের সমর্থকেরা পৌঁছে গিয়েছেন আমেরিকা, মেক্সিকো ও কানাডায়। কিন্তু এখনও বিতর্ক থামার নাম নেই। ইরান ফুটবল সংস্থার অভিযোগ, তাদের সমর্থকদের জন্য বরাদ্দ টিকিট বাতিল করে দিয়েছে ফিফা।

বিশ্বকাপের যে কোনও ম্যাচে মুখোমুখি দুই দেশের সমর্থকদের জন্য নির্দিষ্ট সংখ্যার টিকিট বরাদ্দ করা থাকে। যাতে দুই দলের সমর্থকেরাই খেলা দেখতে পারেন, তার জন্য এই ব্যবস্থা। জানা গিয়েছে, ইরানের জন্য বরাদ্দ টিকিট বাতিল করা হয়েছে।

ইরান ফুটবল সংস্থা একটি বিবৃতিতে বলেছে, “ইরানের প্রচুর সমর্থক ইতিমধ্যেই খেলা দেখতে পৌঁছে গিয়েছেন। কিন্তু তাঁদের জন্য বরাদ্দ টিকিট বাতিল করে দিয়েছে ফিফা। এই পরিস্থিতিতে তাঁরা কী ভাবে খেলা দেখবেন? স্টেডিয়ামেই তো ঢুকতে পারবেন না?” ইরানের অভিযোগ, আমেরিকার চাপেই এই কাজ করেছে ফিফা। এতে বিশ্বকাপ কালিমালিপ্ত হচ্ছে বলে অভিযোগ ইরানের।

বিশ্বকাপ খেলতে মেক্সিকোয় পৌঁছেছে ইরান। কিন্তু তার আগেই ইরানকে বার্তা পাঠিয়ে আমেরিকা জানিয়েছে, সে দেশে ম্যাচ ফেলার ২৪ ঘণ্টার মধ্যে ইরানকে শহর ছাড়তে হবে। আবার নির্দিষ্ট দিনে পরের ম্যাচ খেলতে নামবে তারা। বিষয়টি নিয়ে একেবারেই খুশি নয় ইরান। পাশাপাশি প্রচুর সাপোর্ট স্টাফের ভিসা দিতে দেরি করায় আমেরিকার উপর ফুঁসছে তারা।

ইরানকে বলা হয়েছে, যে দিন ম্যাচ সে দিন সকালে এসে, ম্যাচ খেলেই যেন মেক্সিকোয় ফিরে যায় তারা। মেক্সিকোয় থাকা ইরানের রাষ্ট্রদূত বলেছেন, উত্তপ্ত পরিস্থিতির কারণে তাঁদের বলা হয়েছে, আমেরিকায় গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ম্যাচ খেলে আবার মেক্সিকোয় ফিরে আসতে। ইরান গ্রুপে তাদের ম্যাচগুলি খেলবে লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটলে। এ দিন বিশ্বকাপ খেলতে ইরান পৌঁছে গিয়েছে মেক্সিকোয়।

ইরানের রাষ্ট্রদূত আবোলফাজ়ি পাসানদিদেহ বলেছেন, “আমাদের সকালে পৌঁছতে হবে আমেরিকায়। একই দিনে ফিরে আসতে হবে।” আমেরিকা জানিয়েছে, কোনও ভাবে ইরান যাতে সে দেশে ‘জঙ্গি’ ঢুকিয়ে দিতে না পারে, তাই এই ব্যবস্থা।

টালবাহানার পরে কিছু দিন আগে ইরানের ফুটবলারদের ভিসা দেওয়া হয়েছে আমেরিকার। তবে এখনও সাপোর্ট স্টাফ এবং বাকি সদস্যদের অনেকের ভিসা পাওয়া বাকি। তা নিয়ে ক্ষিপ্ত ইরান। দলের ব্যাকরুম স্টাফ, প্রশাসক এবং কর্তাদের ভিসা পাওয়া এখনও বাকি। যদিও আমেরিকার তরফে জানা গিয়েছে, ইরানের ‘প্রয়োজনীয়’ লোককেই শুধু ভিসা দেওয়া হবে। রবিবার স্থানীয় সময় সকালে মেক্সিকোর তিজুয়ানার পৌঁছে গিয়েছে ইরান দল। সেখানে নেমে ভিসা প্রসঙ্গে আর এক বার আমেরিকার সমালোচনা করেছেন ইরানের ডিফেন্ডার এহসান হাজসফি।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
সর্বশেষ
৪ ঘণ্টা আগে
fifa Iran Football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy