দেশের আট থেকে আশি, প্রায় সকলেই এখন ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি নামটির সঙ্গে পরিচিত। ‘পলিটিক্যাল স্যাটায়ার মুভমেন্ট’ বা রাজনৈতিক ব্যঙ্গ আন্দোলন থেকে জন্ম হয়েছে এই গোষ্ঠীর। এ বার এদের ‘উৎখাত’ করতে সমাজমাধ্যমের পাতায় এক নতুন দলের পোস্টার দেখা গেল। সেটির নাম দেওয়া হয়েছে ‘লাল হিট পার্টি’। বিষয়টি নিয়ে হইহই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সেটির নেপথ্যে কোনও রাজনৈতিক দলের সরাসরি যোগাযোগ রয়েছে কি না তা-ও সঠিক ভাবে জানতে পারা যায়নি।
আরও পড়ুন:
সিজেপির সূত্রপাত হয় বেকার তরুণ-তরুণীদের একাংশ ‘আরশোলা’র মতো আচরণ করেন বলে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করার পর। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মতে, ওই তরুণ-তরুণীরা কোনও পেশায় স্থান না পেয়ে সাংবাদিক, সমাজমাধ্যম ব্যবহারকারী বা তথ্যের অধিকার কর্মী হিসাবে কাজ শুরু করেন ও সকলকে আক্রমণ করেন। প্রধান বিচারপতি সূর্য কান্তের ওই মন্তব্যের পর অনলাইনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বেকার তরুণ-তরুণীদের একাংশ সংগঠিত হওয়ার সিদ্ধান্ত নেন। সেই ক্ষোভ থেকে জন্ম হয় ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপির। তারা একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করে নেটমাধ্যমে। যদিও প্রধান বিচারপতি পরে স্পষ্ট করেন যে, তাঁর মন্তব্য ভুল ভাবে উদ্ধৃত করা হয়েছে এবং বেকার যুবসমাজের সমালোচনা করার উদ্দেশ্যে তিনি ওই মন্তব্য করেননি। প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, তিনি বিশেষ ভাবে সেই সব মানুষের কথা বলেছিলেন যাঁরা জাল বা ভুয়ো ডিগ্রি নিয়ে কোনও পেশায় প্রবেশ করেন।
আরও পড়ুন:
‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি লোকসভা নির্বাচনের প্রচারের মতো গাম্ভীর্য এবং মিমের মতো মজার বিষয় নিয়ে নেটমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। মূলত সমাজের জেন জ়িদের নিয়েই গঠিত হয়েছে এই গোষ্ঠী। ইতিমধ্যে এদের ইনস্টাগ্রামের অনুসারীর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে বিজেপির অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলকে। এ বার তাদের বিরুদ্ধে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ‘লাল হিট পার্টি’র পোস্টার।
আরও পড়ুন:
‘রাজপুতরানা_কম.৪৪’ নামের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্টারটি ভাগ করে নেওয়া হয়েছে। তাতে লেখা হয়েছে ‘‘আমি ককরোচ জনতা পার্টির তীব্র বিরোধিতা করি। লাল হিট পার্টিকে সমর্থন করি।’’ পোস্টারটির নীচে আবার ‘লাল হিট পার্টি’ কী কী চায় সেগুলিও ছোট ছোট ছবি এঁকে বোঝানো হয়েছে। নীচে এক বাক্যে লিখে দেওয়া হয়েছে তাদের দাবি। মোট চারটি দাবির কথা লেখা হয়েছে সেই পোস্টারে। ‘আমরা পরিচ্ছন্নতা চাই, ঘৃণা নয়’, ‘শক্তিশালী সমাজ-সুস্থ দেশ’, ‘পরিবার, সংস্কৃতি এবং নিরাপত্তা’ এবং ‘লাল হিট পার্টির সঙ্গে দুর্নীতি এবং নোংরামির বিরুদ্ধে পরিচ্ছন্নতার পথে এক ধাপ’। সেই পোস্টারে সিজেপির বিরুদ্ধে লাল হিটের ছবিও ব্যবহার করা হয়েছে। মজার এই পোস্টটি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ইতিমধ্যেই প্রচুর নেটাগরিক পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা মজার মন্তব্যে ভরে গিয়েছে পোস্টটির মন্তব্যবাক্স। অনেকে সেখানে লাল হিট পার্টিকে সমর্থন জানিয়েছে। বহু নেটাগরিক আবার সিজেপিকেই বেছে নিচ্ছেন বলে জানিয়েছেন। যদিও এই পোস্টারটির পুরোটাই মজার ছলে বানানো। ‘আরশোলা জনতা পার্টির’ বিরুদ্ধে ‘ন্যাশনাল প্যারাসাইটিক ফ্রন্ট’ ওরফে এনপিএফ তৈরি করা হলেও, ‘লাল হিট জনতা পার্টি’ নামের কোনও গোষ্ঠি এখনও আত্মপ্রকাশ করেনি।