Advertisement
E-Paper

একচাকায় সীমান্তপার! বিশেষ বাহনে চেপে কেরল থেকে নেপালের পথে তরুণ, ভাইরাল ভিডিয়োয় নানা মত

কেরলের এক তরুণ ঠিক করেছেন, এক চাকার সাইকেলে চেপে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী রাষ্ট্র নেপালে যাবেন। যেমন ভাবনা, তেমন কাজ। এই যাত্রার জন্য একটা এক চাকার সাইকেল বানিয়ে ফেললেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ১৫:০৪
cycle

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বহু প্রতিভাবান মানুষই হেঁটে বিশ্বভ্রমণ করেন। অনেকে আবার সাইকেল নিয়ে বিশ্বের নানা জায়গা ঘুরে বেড়ান। সকলের দ্বারা এ কাজ হয় না। এর জন্য প্রয়োজন কঠিন অধ্যবসায় এবং দৃঢ়তার। এর সঙ্গে ইচ্ছা থাকাটাও গুরুত্বপূর্ণ। তেমনই কেরলের এক তরুণ ঠিক করেছেন এক চাকার সাইকেলে চেপে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী রাষ্ট্র নেপালে যাবেন। যেমন ভাবনা, তেমন কাজ। এই যাত্রার জন্য একটা এক চাকার সাইকেল বানিয়েও ফেললেন তিনি। তার পর তাতে চেপে বেরিয়ে পড়লেন নেপালের উদ্দেশে। অদ্ভুত যাত্রার সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সকালের ব্যস্ত রাস্তা। পিচের তৈরি সড়ক ধরে ছুটে চলেছে একের পর এক গাড়ি। সেই রাস্তার ধারে একচাকার সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। সাইকেলটি আকৃতিতে অন্যান্য সাইকেলের তুলনায় বেশ ছোট। দেখতেও অন্য রকম। সাইকেলের পিছনে বাঁধা রয়েছে কালো রঙের ব্যাগ। ব্যাগের উপর এবং সাইকেলের সামনে লাগানো রয়েছে ভারতের পতাকা। সাইকেলের দু’পাশে পা দিয়ে দাঁড়িয়ে সেটিকে রাস্তা থেকে টেনে তুললেন তরুণ। তার পর সেটির উপর চেপে বসলেন। সামনের চাকা না থাকায় সাইকেলটির সামনের দিকটা শূন্যে উঠে থাকল। দেখতে একটু অদ্ভুতই লাগল। কিন্তু তরুণকে দেখে মনে হল না যে তাঁর কোনও রকম অসুবিধা হচ্ছে। তিনি দিব্যি সেটিতে চেপে চালাতে চালাতে চলে গেলেন। যাত্রা শুরু করার আগে পরে নিলেন রোদচশমা। তরুণের ভারসাম্য দেখে আশপাশের লোকজন অবাক হয়ে গেলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘সোনিকা দত্ত’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় সাড়ে ছয় লক্ষ বার ভিডিয়োটি দেখা হয়েছে। সাড়ে পাঁচ হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। অনেকে তরুণের প্রশংসা করলেও, বহু নেটাগরিক একচাকার সাইকেল চালিয়ে যাওয়ার সমর্থন করছেন না। তাঁদের মতে, এ সবের কোনও মানে হয় না। তবে তরুণের সাহস এবং ক্ষমতাকে কুর্ণিশ জানিয়েছেন বহু নেটাগরিক।

Viral Video Viral Story Nepal Kerala
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy