আর্থিক অনটনের সম্মুখীন হয়েছেন এক তরুণ। অর্থের অভাব পূরণ করতে অনিচ্ছা সত্ত্বেও আদরের গরুটিকে বিক্রি করার সিদ্ধান্ত নিতে হল তাঁকে। নির্দিষ্ট দিনে গরুটিকে নিয়ে যেতে উপস্থিত হলেন নতুন মালিক। স্থানবদল হচ্ছে তা বুঝে নিতে বেশি দেরি হল না গরুটির। দুই তরুণ যখন গরুটিকে নিয়ে হাঁটা লাগিয়েছেন, তখন আর থাকতে পারল না গরুটি। মাঝপথ থেকে পিছু ফিরে পুরনো মালিকের কাছে দৌড় দিল সে। বিদায়ের আগে শেষ বারের মতো আদর খাওয়ার জন্য পুরনো মালিকের পায়ের কাছে হাঁটু মুড়ে বসে পড়ল গরুটি। সেই তরুণও তাঁর প্রিয় পোষ্যটিকে জড়িয়ে আদরে ভরিয়ে দিলেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘টিভি১ইন্ডিয়ালাইভ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দুই তরুণের পিছন পিছন একটি গরু হেঁটে যাচ্ছিল। রাস্তায় দাঁড়িয়ে সেই দৃশ্যই দেখছিলেন অন্য এক তরুণ। অর্থাভাবের কারণে গরুটিকে বিক্রি করে দিয়েছেন তিনি। প্রিয় পোষ্যকে বিদায় দিতে রাস্তায় দাঁড়িয়েছিলেন তরুণ। পুরনো মালিকের কাছ থেকে চলে যাওয়ার সময় আবার পিছন ফিরে দৌড় দিল গরুটি।
শেষ বারের মতো আদর খেতে মালিকের গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল সে। তার পর তরুণের পায়ের কাছে হাঁটু মুড়ে বসে পড়ল। তরুণও মন ভরে আদর করল সেই গরুটিকে। ভিডিয়োটি দেখে নেটপাড়ার মনখারাপের স্রোত বয়ে গিয়েছে। এক নেটাগরিক দুঃখপ্রকাশ করে লিখেছেন, ‘‘পশুপাখিরা মুখে কিছু বলতে পারে না। কিন্তু তাদেরও খুব কষ্ট হয়। ভিডিয়োটি দেখে খুব মনখারাপ হয়ে গেল।’’