বিনোদন পার্কে ঘুরতে গিয়ে রোলার কোস্টারে চেপেছিলেন কয়েক জন আরোহী। কিন্তু রোলার কোস্টারটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে আটকে যায়। ভয়ে চিৎকার করতে শুরু করে দেন আরোহীরা। সঙ্গে সঙ্গে রোলার কোস্টারের লাইনের সঙ্গে সংযুক্ত সরু ধাতব সিড়ি ধরে ভয়ে ভয়ে নামতে থাকেন তাঁরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ফিয়ারবাক’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রোলার কোস্টার লাগোয়া সরু সিড়ি দিয়ে কয়েক জন ব্যক্তি নামছেন। প্রবল হাওয়ার কারণে সিড়ি বেয়ে নামতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল তাঁদের। সম্প্রতি এই ঘটনাটি আমেরিকার সিক্স ফ্ল্যাগস ওভার টেক্সাস বিনোদন পার্কে ঘটেছে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কয়েক জন কর্মী পার্কে নির্মাণ সংক্রান্ত কাজকর্ম করছিলেন।
সেই সময় ভুলবশত পার্কের সঙ্গে সংযুক্ত একটি ভূগর্ভস্থ বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে পার্কের বিভিন্ন রাইড তাৎক্ষণিক ভাবে বন্ধ হয়ে যায়। পার্কের ভিতর টাইটান রোলার কোস্টারে সেই সময় ৩০ জন আরোহী ছিলেন। ২৪৫ ফুট উঁচুতে রোলার কোস্টারটি বন্ধ হয়ে যায়।
এর পরেই লাইনটি অনেকটা নীচের দিকে নামছিল। সেখানেই সর্বোচ্চ উচ্চতায় রোলার কোস্টারটি আটকে ঝুলতে থাকে। বিদ্যুৎ বিভ্রাট এবং আটকে পড়া আরোহীদের নিরাপদে সরিয়ে আনার কাজ চলার কারণে বিনোদন পার্কের বিভিন্ন অংশের কার্যক্রম সাময়িক ভাবে ব্যাহত হয়েছিল। কিছু ক্ষণ পর আবার পার্কটি নিজস্ব ছন্দে ফিরে যায়।