E-Paper

‘উচ্ছেদের আতঙ্কে’ ট্রেনে কাটা পড়ে মৃত্যু হকারের

সম্প্রতি চাকদহ-সহ নদিয়ার প্রায় সব স্টেশনেই অবৈধ হকারদের উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছে। প্রমথের আত্মীয়বন্ধুরা জানাচ্ছেন, এর পর থেকেই তিনি আতঙ্কে ভুগছিলেন। ব্যাঙ্ক-ঋণ ছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ০৮:০৬

—প্রতীকী চিত্র।

পরিবার, বন্ধুদের দাবি, স্টেশনে হকার-উচ্ছেদ হচ্ছে বলে গত কয়েক দিন দুশ্চিন্তায় ভুগছিলেন। শনিবার সকালে নদিয়ার চাকদহ স্টেশনে ট্রেনে কাটা পড়ে মারা যান প্রমথ মণ্ডল (৪২) নামে সেই হকার। চাকদহ স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে অস্থায়ী দোকান করে তিনি ছাতা সারাই এবং বিক্রিবাটা করতেন। উচ্ছেদ হওয়ার আতঙ্কে তিনি আত্মঘাতী হয়েছেন বলে আত্মীয় পরিজনের দাবি। সিটুর বক্তব্য, তিনিই সাম্প্রতিক হকার উচ্ছেদের ‘প্রথম বলি’। যদিও রাত পর্যন্ত লিখিত অভিযোগ হয়নি।

সমাজমাধ্যমে এ দিন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম লেখেন, “উচ্ছেদের আতঙ্কে প্রমথ মণ্ডল আজ আত্মহত্যা করেছেন। চাকদহ স্টেশনে ছোট একটি ছাতা সারাইয়ের দোকান করে তিনি সংসার (স্ত্রী, পুত্র ও শিশুকন্যা) চালাতেন। রেল হকারদের জন্য আমরা সব শক্তি দিয়ে লড়ব।”

সম্প্রতি চাকদহ-সহ নদিয়ার প্রায় সব স্টেশনেই অবৈধ হকারদের উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছে। প্রমথের আত্মীয়বন্ধুরা জানাচ্ছেন, এর পর থেকেই তিনি আতঙ্কে ভুগছিলেন। ব্যাঙ্ক-ঋণ ছিল। তার উপরে দোকান তুলে দেওয়া হলে স্ত্রী-সন্তানদের খাবার কী করে জোটাবেন, বার বার সেই কথা বলছিলেন। এর সঙ্গে যুক্ত হয় হাওড়া ও শিয়ালদহ স্টেশন চত্বর থেকে রাতারাতি হকার ‘সাফ’ করে দেওয়ার আতঙ্ক।

চাকদহের ১৩ বালিয়াডাঙায় প্রমথদের বাড়ি। তাঁর ভাইপো অধীর মণ্ডল বলেন, “কাকা হকার-উচ্ছেদ নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন। গ্রীষ্ম-বর্ষাই ছাতা বিক্রির মূল সময়। তাই ব্যাঙ্ক থেকে টাকা ধার করে ছাতা কিনেছিলেন। দুশ্চিন্তায় ছিলেন সেই টাকা কী করে শোধ করবেন। এক জনের কাছ থেকে ১৬ লক্ষ টাকা পেতেনবলে শুনেছি। সেটাও পাচ্ছিলেন না।”

সিটুর নদিয়া জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রাজীব দাস বলেন, “উনি আমাদের হকার সংগঠনের সদস্য। গত রাতেও কয়েক জনের কাছে বলেছেন, রেল হকার উচ্ছেদ করলে কী করবেন বুঝে উঠতে পারছেন না।” তাঁর দাবি, “এই আতঙ্কেই সকালে প্রমথ ট্রেনের সামনে ঝাঁপ দেন। কল্যাণী জেএনএমে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। হকার উচ্ছেদের তিনিই প্রথম বলি।” সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, ‘‘আলোচনা না করে এ ভাবে উচ্ছেদের অর্থ হকারদের আত্মহত্যার পথে ঠেলে দেওয়া। আলোচনা হোক। বিকল্প রুজির ব্যবস্থা করে তাঁদের সরানো হোক। এই মৃত্যুর প্রতিবাদে আমরা সোমবার সমস্ত স্টেশনে স্টেশন ম্যানেজারের কাছে স্মারকলিপি দেব।’’

রেল পুলিশ জানিয়েছে, ট্রেনের ধাক্কায় মৃত্যু বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তবে কেউ অভিযোগ করেননি। তদন্ত শুরু হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Train accident

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy