E-Paper

পিজিতে বাড়ছে ১০০টি শয্যা

১৫ মে পিজিতে এসে স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে শয্যা সংখ্যা বাড়াতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পরেই কী ভাবে শয্যা বাড়ানো যায়, সেই পরিকল্পনা করেন কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ০৫:৫৫

— প্রতীকী চিত্র।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই শয্যা-সংখ্যা বৃদ্ধি পেল এসএসকেএমে। নতুন করে সেখানে আরও ১০০টি শয্যা বেড়েছে। এর জন্য অন্যান্য জেলা হাসপাতাল থেকে ওই মেডিক্যাল কলেজের অ্যানেক্স শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে বদলি করা হয়েছে মেডিক্যাল অফিসার ও জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদমর্যাদার পাঁচ চিকিৎসককে। শুক্রবারই ওই বদলির নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। পাশাপাশি, হাসপাতালে নিরাপত্তা জোরদার করতে কর্মীদের নতুন পরিচয়পত্র এবং পরীক্ষামূলক ভাবে ট্রমা কেয়ারের রোগীর পরিজনদের জন্য হাতের ব্যান্ড চালু হচ্ছে এসএসকেএমে।

১৫ মে পিজিতে এসে স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে শয্যা সংখ্যা বাড়াতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পরেই কী ভাবে শয্যা বাড়ানো যায়, সেই পরিকল্পনা করেন কর্তৃপক্ষ। সূত্রের খবর, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের জেডি ভবনে থাকা চক্ষু বিভাগকে পিজিতে পাঠানো হয়েছে। এর জন্য পিজির নতুন একটি অপারেশন থিয়েটারও দেওয়া হয়েছে চক্ষু বিভাগকে। শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের জেডি ভবনের মেডিসিন ওয়ার্ডে নতুন ২৫টি শয্যা বাড়ছে। সেখানে শয্যা ভর্তি হয়ে গেলে রোগীদের পাঠানো হবে পিজির আর একটি অ্যানেক্স কলকাতা পুলিশ হাসপাতালে। সেখানেও মেডিসিন ওয়ার্ডে ৫০টি শয্যা বাড়ছে। পিজির জরুরি বিভাগে আসা রোগীরা শয্যা না পেলে পাঠানো হবে ওই দু’টি হাসপাতালে। পিজির ট্রমা কেয়ারের প্লাস্টিক সার্জারি বিভাগের মহিলা রোগীদের জন্য উডবার্ন ব্লকে চালু হচ্ছে ২৫ শয্যার ‘স্টেপ ডাউন’ ওয়ার্ড। বিধায়ক চিকিৎসক ইন্দ্রনীল খাঁ বলেন, ‘‘শয্যা সংখ্যা বাড়ানো ও চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের সঠিক ভাবে ব্যবহারের প্রথম পদক্ষেপ হল পিজির এই নতুন ব্যবস্থাপনা।’’

অন্য দিকে, ট্রমা কেয়ারে রোগীদের সঙ্গে থাকা পরিজনের হাতে থাকবে নির্দিষ্ট ব্যান্ড। তবে তিনি অন্যত্র গেলে ওই ব্যান্ড জমা দিতে হবে ট্রমা কেয়ারের নির্দিষ্ট কাউন্টারে। সেখান থেকে ফের ব্যান্ড রোগীর পরিবারের অন্য কাউকে দেওয়া হবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

SSKM Hospital Hospital beds Suvendu Adhikari West Bengal government

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy