E-Paper

স্বরূপের ফ্ল্যাটে চার ঘণ্টা পুলিশি তল্লাশি, মিলল গোপন ঘর!

বিপাকে পড়েছেন অরূপও। লিয়োনেল মেসি কাণ্ডে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এর বিরদ্ধে রক্ষাকবচ চেয়ে এ দিন কলকাতা হাই কোর্টে আর্জি জানিয়েছিলেন তিনি। সেই আর্জি খারিজ হয়ে গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ০৮:৩৪
রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস।

রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। —ফাইল চিত্র।

যৌন হেনস্থা, তোলাবাজি, খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে সম্প্রতি গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে স্বরূপের ফ্ল্যাটে তাঁকে নিয়ে গিয়ে প্রায় চার ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালালেন নিউ আলিপুর থানার তদন্তকারীরা। সেই অভিযানে সন্ধান মিলল গোপন ঘরেরও! প্রসঙ্গত, টালিগঞ্জে কলাকুশলীদের ফেডারেশনের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল নেতা স্বরূপের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা দায়ের হয়েছে।

পাশাপাশি, বিপাকে পড়েছেন অরূপও। লিয়োনেল মেসি কাণ্ডে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এর বিরদ্ধে রক্ষাকবচ চেয়ে এ দিন কলকাতা হাই কোর্টে আর্জি জানিয়েছিলেন তিনি। সেই আর্জি খারিজ হয়ে গিয়েছে।

এ দিন বেলা পৌনে ১২টা নাগাদ স্বরূপকে নিয়ে তাঁর নিউ আলিপুরের ফ্ল্যাটে পৌঁছে যান তদন্তকারীরা।গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। ঘটনাস্থলে ভিড় করেছিলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রের খবর, ছ’তলা ওই বহুতলের উপরতলার কিছুটা অংশ এবং নীচের দু’টি তল স্বরূপের। ২০১১ সাল থেকে তাঁরা এই এলাকায় থাকছেন।

এ দিন ওই তলগুলিতে তল্লাশি চালায় পুলিশ। জানা গিয়েছে, চারতলায় একটি গোপন ঘরের দরজা বন্ধ ছিল। দরজায় লাগানো ছিল ডিজিটাল তালা। সেই তালা খুলতে দু’জন চাবিওয়ালার সাহায্য নেন তদন্তকারীরা।

এ দিন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা স্বরূপের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সরব হন। রানা দাস নামে এক ব্যক্তি বলেন,‘‘নিউ আলিপুর এবং সংলগ্ন এলাকায় প্রচুর দোকান থেকে তোলা তুলতেন স্বরূপ। এক চা বিক্রেতার কাছ থেকেও প্রায় ৩০ হাজার টাকা নেওয়া হয়েছিল। স্বরূপের অত্যাচার সহ্য করতে না পেরে অনেকে ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছেন।’’ আর এক জনের আবার অভিযোগ, ‘‘২০১১ সালে স্বরূপেরা ফ্ল্যাটে আসার পর থেকেই পাড়ার পরিবেশ নষ্টহয়ে গিয়েছে।’’

পুলিশি তল্লাশির শেষে বিকেল ৪টে নাগাদ স্বরূপকে সেখান থেকে বার করে নিয়ে যায় পুলিশ। সেই সময়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরূপ কোনও মন্তব্য করেননি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Swarup Biswas Police Raid TMC Aroop Biswas

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy