Advertisement
E-Paper

‘ইটালির প্রধানমন্ত্রীকে চকোলেট না দিয়ে বাচ্চাদের খাওয়াতে পারতেন’! মোদীকে মেলোডি-খোঁচা মমতার

রবিবার ফলতা বিধানসভা পুনর্নির্বাচনের ফলঘোষণার দিন দুপুরে ফেসবুক লাইভ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি আবার দাবি করেছেন, এই বিধানসভা ভোটে তিনি বা তাঁর দল তৃণমূল পরাজিত হয়নি। তাঁদের জোর করে হারানো হয়েছে। তখনই খোঁচা দেন মোদীকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ১৯:১৪
Mamata on Melodi

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী-জর্জিয়া মেলোনি। মমতা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল চিত্র।

গত চার দিন ধরে মেলোডি-জ্বরে কাবু সমাজমাধ্যম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে দেওয়া উপহার নিয়ে জোর আলোচনা চলছে। ‘মেলোডি’ টফি উৎপাদনকারী সংস্থার দরও শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী। ঠিক সেই সময় দেশের আর্থিক পরিস্থিতি এবং জ্বালানি সঙ্কট নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে সমাজমাধ্যম থেকেই খোঁচা দিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রী টেনে আনলেন পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত বিধানসভা ভোট প্রসঙ্গও।

রবিবার ফলতা বিধানসভা পুনর্নির্বাচনের ফলঘোষণার দিন বিকেলে ফেসবুক লাইভ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি আবার দাবি করেছেন, এই বিধানসভা ভোটে তিনি বা তাঁর দল তৃণমূল পরাজিত হয়নি। তাঁদের জোর করে হারানো হয়েছে। শুভেন্দু অধিকারীদের জেতাতে বেআইনি ভাবে সাহায্য করেছিল নির্বাচন কমিশন। ইন্ধন ছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। সেই প্রসঙ্গে মোদীর উদ্দেশে মমতার মন্তব্য, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাকে তো জোর করে লুট করলেন। একটা উত্তর দেবেন?’’

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে মমতা সমালোচনা করে বলেন, ‘‘আপনি যে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, সেখানে ঠিক কত জ্বালানি খরচ হচ্ছে? দেশের অর্থনীতি ধুঁকছে, আর আপনি চকোলেট দিচ্ছেন!’’ মেলোনিকে একবাক্স মেলোডি দেওয়া নিয়ে মমতার খোঁচা, ‘‘চকোলেট ইটালির প্রধানমন্ত্রীকে না দিয়ে বাচ্চাদের দিতে পারতেন। বাচ্চারা চকোলেট খায়।’’

প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারকে তৃণমূলনেত্রী প্রশ্ন করেছেন, রান্নার গ্যাস থেকে জ্বালানি তেলের দাম বাড়ল কেন। তিনি কটাক্ষ করে বলেছেন, ভোটের আগে দাম কমেছিল এবং ভোট ফুরোতেই দাম বেড়েছে। সেটাই মোদী সরকারের পক্ষে সেটা করাটাই স্বাভাবিক। মমতা বলেন, ‘‘মানুষ সোনা কিনবেন না, গাড়িতে চড়বেন না, রেস্টুরেন্টে যাবেন না। শুধু সন্ত্রাস চালাবেন আপনারা। আর মানুষের কণ্ঠরোধ করুন।’’

গত বুধবার তাঁর পাঁচ দেশ সফরের শেষ পর্বে রোমে গিয়ে মেলোনিকে চকোলেট উপহার দেন মোদী। উপহার পেয়ে ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন ইটালির প্রধানমন্ত্রী। ভিডিয়োয় মেলোনিকে বলতে শোনা যায়, ‘‘প্রধানমন্ত্রী মোদী উপহার হিসাবে এনেছেন একটি খুব, খুব ভাল টফি— মেলোডি।’’ তার পর দুই দেশের রাষ্ট্রপ্রধানকে হাসতে দেখা যায়। ভিডিয়োটি শেয়ার করে মোদীর উদ্দেশে মেলোনি লেখেন, ‘উপহারের জন্য ধন্যবাদ।’

সমাজমাধ্যমে #মেলোডি শব্দের সূত্রপাত অবশ্য বছর তিনেক আগে থেকে। মোদী এবং মেলোনির পদবি মিলিয়ে তৈরি শব্দ অন্তর্জাল দুনিয়ায় জনপ্রিয়তা পায় ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ২৮ শীর্ষ সম্মেলনের সময়। সেই সময়েও মেলোনি মোদীর সঙ্গে একটি নিজস্বী পোস্ট করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, “কপ২৮-এ ভাল বন্ধু #মেলোডি।” এ বার মেলোনিকে মেলোডি নামের টফি উপহার দিয়েছেন মোদী।

অন্য দিকে, মমতা জানিয়েছেন, এ বার থেকে নিয়মিত সমাজমাধ্যমে লাইভে আসবেন। ফেসবুক লাইভ করে তাঁর দলের বার্তা, সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা সকলের কাছে পৌঁছে দেবেন। পাশাপাশি, বিজেপি-বিরোধী জোট মজবুত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন তিন বারের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আমি লড়াই করব। আমি দেখব, ভারতবর্ষের সংবিধান বড় না কি বন্দুকের নল বড়!’’

Mamata Banerjee Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy