Advertisement
E-Paper

তৃণমূলের ভাঙনপর্ব। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী কোলাঘাটে। সিআইডিতে যাবেন কি অভিষেক। আর কী কী নজরে

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন ধরেছে তৃণমূলে। লোকসভার ২৮ জন তৃণমূল সাংসদের মধ্যে ২০ জনই মমতাকে ছেড়ে যোগ দিয়েছেন বিদ্রোহী শিবিরে। বিদ্রোহীরা চাইছেন বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ-তে যোগ দিতে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ০৭:৫৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন ধরেছে তৃণমূলে। লোকসভার ২৮ জন তৃণমূল সাংসদের মধ্যে ২০ জনই মমতাকে ছেড়ে যোগ দিয়েছেন বিদ্রোহী শিবিরে। বিদ্রোহীরা চাইছেন বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ-তে যোগ দিতে। সোমবার রাতেও বৈঠকে বসেছেন তৃণমূলের বিদ্রোহীরা। এ অবস্থায় পরিস্থিতি কোন দিকে এগোয়, সে দিকে নজর থাকবে আজ।

আজ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে প্রশাসনিক বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকে উপস্থিত থাকবেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম— তিন জেলার প্রশাসনিক আধিকারিকরা। মুলত তিন জেলার সার্বিক উন্নয়নের বিষয় আলোচনা হবে বলেই জানা যাচ্ছে।

সই-কাণ্ডের তদন্তের স্বার্থে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজই হাজিরা দিতে বলেছে সিআইডি। সোমবার দুপুরে তাঁর কালীঘাটের বাড়িতে গিয়ে নোটিস ধরিয়ে আসে রাজ্যের গোয়েন্দা দফতর। আজ বিকেল ৫টার মধ্যে অভিষেককে ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছে। এর আগে দু’বার তাঁর বাড়ি গিয়ে তলবি নোটিস দিয়ে আসে সিআইডি। যদিও দু’বারই হাজিরা দেননি। উল্টে সময় চেয়েছিলেন অভিষেক। আজ অভিষেক ভবানী ভবন যান কি না, সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার ফলে নতুন করে তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই। ঝড়বৃষ্টির ফলে গত দু’দিনে গরমের অস্বস্তি কিছুটা কমেছে। আগামী অন্তত সাত দিন এমনই তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও।

আজ থেকে দিল্লিতে বৈঠকে বসছেন বিএসএফ এবং বিজিবি-র প্রধান। তিন দিন ধরে চলবে দু’দেশর বাহিনীর এই শীর্ষ সম্মেলন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সরকার গঠনের পর এই প্রথম দু’দেশের বাহিনীর শীর্ষ পর্যায়ের এমন বৈঠক হচ্ছে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

News of the Day Suvendu Adhikari Abhishek Banerjee Weather TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy