বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আগেই। নবগঠিত বিজেপি সরকারের আমলে ডব্লিউবিসিএস প্রিলিমস-এর পরীক্ষা হতে চলেছে আগামী ১৪ জুন। ইতিমধ্যেই সরকারি চাকরিতে বয়সবৃদ্ধি এবং সংরক্ষণের নতুন বিধি চালু হয়েছে। তাতে পরীক্ষা প্রভাবিত না হলেও, এ নিয়ে আইনি পরামর্শ চাওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর।বিজেপি এ রাজ্যে সরকার গঠনের পরেই সরকারি চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর কথা ঘোষণা করেছিল একটি মন্ত্রিসভার বৈঠকের পরে। তাতে সরকারের বিভিন্ন স্তরের পরীক্ষায় ৫ বছর করে উর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। ডব্লিউবিসিএস গ্রুপ-এ এবং সি গোত্রে আগের বয়সসীমা ২১-৩৬ বছর হলেও নতুন উর্ধ্বসীমা করা হয়েছে ২১-৪১ বছর। ডব্লিউবিসিএস গ্রুপ-বি পদে ২০-৩৬ বছর ছিল আগে। এখন তা বেড়ে হয়েছে ২০-৪১ বছর। ডব্লিউবিসিএস গ্রুপ-ডি পদের জন্য আগে ২১-৩৯ বছরের মধ্যে আবেদন করা যেত। এখন তা ২১-৪৪ বছর। আবার ডব্লিউবিপিএস মিসলেনিয়াস পরীক্ষায় আবেদনকারীর আগের বয়সের সীমা ছিল ২০-৩৯ বছর। এখন ২০-৪৪ বছরের মধ্যে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। আবার অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত (ওবিসি) সংরক্ষণের পরিধি কমেছে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা এবং আদালতের নির্দেশে ওবিসি-এ তালিকাটি বাতিল করেছে রাজ্য সরকার। শুধুমাত্র থেকে গিয়েছে ওবিসি-বি গোত্রের ৬৬টি জাতি। ফলে সেই বাবদ শুধুমাত্র ৭ শতাংশ সংরক্ষণই কার্যকর থাকছে। আগে যা ছিল ১৭% (ওবিসি এ ১০% এবং ওবিসি বি ৭%)। বিষয়গুলিতে কী হবে, তার জন্য আইনি ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে খবর।তবে আসন্ন পরীক্ষার জন্য পিএসসি আবেদনপত্র গ্রহণ করেছিল গত জানুয়ারি মাসে (১৭% সংরক্ষণের ভিত্তিতে)। তাতে প্রায় ১.৮৭ লক্ষ পরীক্ষার্থী আগামী রবিবার পরীক্ষায় বসবেন গোটা রাজ্যের প্রায় ৪৫০টি কেন্দ্রে। অভিজ্ঞ আধিকারিকদের একাংশের ব্যাখ্যা, বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি এবং ওবিসি তালিকা বাতিলের আগে যে হেতু আবেদনপত্র গ্রহণ করা হয়েছিল, তাই এখনকার নয়া বিধি সেই আবেদনপত্রগুলিরজন্য কার্যকর হওয়ার কথা নয়। পাশাপাশি, পরীক্ষার প্রস্তুতিও সম্পূর্ণ হয়ে গিয়েছে পুরোপুরি। ফলে যে ভাবে আবেদনপত্র ছিল, সে ভাবেই পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)