Advertisement
E-Paper

বিবি, সতর্ক হোন! ইরানে হামলা করার সিদ্ধান্তে নেতানিয়াহুর পাশে নেই ট্রাম্প, কৃতকর্মের দায় না-নেওয়ার বার্তাও দিলেন

বন্ধুরাষ্ট্র ইজ়রায়েলের পাশ থেকে কি ক্রমশ সরছেন ডোনাল্ড ট্রাম্প? এই জল্পনাকে আরও উস্কে দিয়ে সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১০:০৩
(বাঁ দিকে) বেঞ্জামিন নেতানিয়াহু  এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)।

(বাঁ দিকে) বেঞ্জামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

বন্ধুরাষ্ট্র ইজ়রায়েলের পাশ থেকে কি ক্রমশ সরছেন ডোনাল্ড ট্রাম্প? এই জল্পনাকে আরও উস্কে দিয়ে সোমবার সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট। নেতানিয়াহুর ডাক নাম ব্যবহার করে তিনি সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-কে বলেন, “আমি বললাম, বিবি, তোমার সতর্ক হওয়াই ভাল।”

সম্পতি ‘অ্যাক্সিওস’-এর একটি প্রতিবেদনে দুই ইজ়রায়েলি আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়, এপ্রিল মাসের পর ইজ়রায়েল ইরানের বিরুদ্ধে বৃহত্তম সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে। সোমবার ইরানের কিছু গুরুত্বপূর্ণ এলাকায় ইজ়রায়েল হামলা চালাতে পারে বলেও ওই প্রতিবেদনে জানানো হয়। তার পরেই নেতানিয়াহুকে ফোন করে এই অভিযান বন্ধ করার কথা বলেন ট্রাম্প।

‘অ্যাক্সিওস’-কে ট্রাম্প বলেন, “আমি বিবিকে (নেতানিয়াহুর ডাক নাম) বলেছি, “হয় আপনি সতর্ক হোন, না-হলে খুব শীঘ্রই আপনি একলা হয়ে যাবেন।” মনে করা হচ্ছে, এই ‘একলা’ হওয়ার কথা বলে ট্রাম্প বোঝাতে চেয়েছেন যে, নেতানিয়াহু ইরানে হামলা চালালে বন্ধু ইজ়রায়েলের পাশে আর দাঁড়াবে না আমেরিকা। ট্রাম্পের আশঙ্কা এই যে, ইজ়রায়েল ইরানের বিরুদ্ধে নতুন করে অস্ত্র ধরলে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে বোঝাপড়ার সম্ভাবনা ভেস্তে যাবে। পশ্চিম এশিয়ার অন্য দেশগুলিও যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে মনে করছে আমেরিকা। এই পরিস্থিতিতে ইজ়রায়েল-ইরান সামরিক সংঘাতে সায় নেই ট্রাম্পের।

ট্রাম্পের ‘পরামর্শের’ পরেই আপাতত ইরানে হামলা চালানোর পরিকল্পনা থেকে সরে এসেছেন নেতানিয়াহু। একটি সূত্রের দাবি, ট্রাম্পের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর হলেও মার্কিন প্রেসিডেন্টের ‘পরামর্শ’ মেনে নিয়েছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী। সেনাবাহিনীকে আপাতত কোনও অভিযান শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। অন্য দিকে, ট্রাম্প-নেতানিয়াহু বাদানুবাদকে গুরুত্ব দিতে নারাজ ইজ়রায়েল। আমেরিকায় নিযুক্ত ইজ়রায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইতারের মতে, এটা দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ‘সামান্য কথা কাটাকাটি’। প্রেমিক-প্রেমিকাদের মধ্যেও এমন ঝগড়া হয় বলে মত তাঁর।

রবিবার রাত থেকে ইজ়রায়েল এবং ইরান নতুন করে সংঘাতে জড়িয়ে পড়েছে। লেবাননে ইজ়রায়েলি ‘আগ্রাসনের প্রতিবাদে’ ইরান রবিবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে নেতানিয়াহুর দেশে। গত এপ্রিলে সংঘর্ষবিরতির পর এই প্রথম ইরান সেখানে প্রত্যাঘাত করেছে। তার পর সোমবার সকালে ইরানে পাল্টা হামলা চালায় ইজ়রায়েলি বাহিনী। তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায় রাজধানী তেহরানে। এই পরিস্থিতিতে দুই দেশের সংঘাত অবিলম্বে থামাতে চান ট্রাম্প। নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন তিনি।

ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে সমঝোতা এবং চুক্তির বিষয়ে আমেরিকা যা সিদ্ধান্ত নেবে, তা-ই মেনে নিতে হবে ইজ়রায়েলকে। তা ছাড়া নেতানিয়াহুর কাছে আর কোনও উপায় নেই। ট্রাম্প জানান, ইরানের সঙ্গে সংঘাতের বিষয়ে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তিনিই এই সংঘাতের চালিকাশক্তি। সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে নেতানিয়াহুর তেমন ভূমিকা নেই বলেও জানান ট্রাম্প!

US Iran Donald Trump Benjamin Netanyahu israel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy