Indian Car Market

বাড়ল চাহিদা, ক্রেতাদের উৎসাহও, দেশের বাজারে বাড়ল গাড়ি বিক্রি

গাড়ির বিক্রেতাদের সংগঠন ফাডার তথ্য বলছে, গত মাসে চার চাকার বৈদ্যুতিক গাড়ি বিক্রি ২০২৫-র জানুয়ারির চেয়ে প্রায় ৫৫% বেড়েছে। মোট যাত্রী গাড়ি বিক্রিতে তার ভাগ ৩.৬%।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:০৬

—প্রতীকী চিত্র।

জানুয়ারিতে চাহিদা বেড়েছে সব রকম গাড়িরই। মূলত, জিএসটি কমা, গ্রামে চাহিদা বৃদ্ধি ও গত কয়েক মাসে বাজারে নতুন বিভিন্ন মডেলের গাড়ি আসাই ক্রেতাদের উৎসাহিত করেছে বলে জানাচ্ছে শিল্প মহল।

গাড়ির বিক্রেতাদের সংগঠন ফাডার তথ্য বলছে, গত মাসে চার চাকার বৈদ্যুতিক গাড়ি বিক্রি ২০২৫-র জানুয়ারির চেয়ে প্রায় ৫৫% বেড়েছে। মোট যাত্রী গাড়ি বিক্রিতে তার ভাগ ৩.৬%। দু’চাকার বিক্রি বেড়েছে প্রায় ২৫%। আবার গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়াম জানাচ্ছে, ২০২৫-এর জানুয়ারির থেকে গত মাসে চার চাকার বিক্রি বেড়েছে ১২.৬%। বিপণিতে গিয়েছে প্রায় ৪.৫ লক্ষ গাড়ি। দু’চাকার ২৬% বেড়ে ১৯.২৫ লক্ষে।

ফাডার সভাপতি সি এস বিজ্ঞেশ্বরের মতে, সব ধরনের বৈদ্যুতিকের বিক্রি বৃদ্ধিই প্রমাণ করে এই ধরনের গাড়ির চাহিদা রয়েছে। চার্জিং স্টেশন, ব্যাটারির ক্ষমতা বৃদ্ধির মতো পরিকাঠামোগত উন্নয়নও তাতে ইন্ধন জুগিয়েছে। আর সিয়ামের ডিজি রাজেশ মেননের বক্তব্য, নতুন বছর, গ্রামীণ চাহিদা বৃদ্ধি ও জিএসটি কমায় বিক্রি বেড়েছে।

আরও পড়ুন