8th Pay Commission

বকেয়া বাবদ সরকারি কর্মচারীরা পেতে পারেন ১৫ লক্ষ টাকা! অষ্টম বেতন কমিশন কার্যকরে ‘এরিয়ারের’ হিসাব জানেন?

অষ্টম বেতন কমিশন চালু হওয়া থেকে শুরু করে কার্যকর হওয়ার সময়সীমার মধ্যে বর্ধিত বকেয়া বেতন ‘এরিয়ার’ হিসাব কর্মচারীদের দেবে কেন্দ্র। এই সুবিধা পাবেন পেনশনভোগীরাও। এতে এককালীন কত টাকা পেতে পারেন তাঁরা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৫:৩৮
Representative Picture

—প্রতীকী ছবি।

কবে থেকে পাওয়া যাবে সংশোধিত বেতন? অষ্টম বেতন কমিশন বসা ইস্তক সেই আশায় দিন গুনছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। যাঁদের মাসে ৫০ হাজার টাকার কম রোজগার, নতুন নিয়ম কার্যকর হলে তাঁরাই সর্বাধিক লাভবান হবেন বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে বকেয়া বাবদ ১৫ লক্ষ টাকা পর্যন্ত দিতে পারে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।

Advertisement

আর্থিক বিশ্লেষকদের দাবি, বেশ কয়েকটা ভিত্তির উপর নির্ভর করে সরকারি কর্মচারীদের মূল বেতন (বেসিক পে) নির্ধারণ এবং সংশোধন করে থাকে কমিশন। একে বলে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’। নিয়ম অনুযায়ী, সংশোধিত মূল বেতন ঠিক করতে বর্তমান বেসিক পে-র সঙ্গে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’কে গুণ করা হয়। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝে নেওয়া যেতে পারে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা ধার্য রয়েছে। অষ্টম বেতন কমিশন ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ২.০ স্থির করলে সংশোধিত মূল বেতন বেড়ে দাঁড়াবে ৩৬,০০০ টাকা (১৮,০০০ টাকা X ২.০)।

আর তাই সংশোধিত বেতনে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ কেমন হওয়া উচিত তা নিয়ে ইতিমধ্যেই কমিশনকে একাধিক প্রস্তাব দিয়েছে একাধিক কর্মচারী সংগঠন। সূত্রের খবর, সরকারের নিচুতলার কর্মীদের ক্ষেত্রে সেটা ৩.০-৩.২৫-এর মধ্যে রাখার অনুরোধ জানিয়েছে তারা। সূত্রের খবর, এ বছরের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো চালু করতে পারে কেন্দ্র। যদিও বাস্তবে তা কার্যকর হবে সামনে বছর। সে ক্ষেত্রে এই সময়সীমার বর্ধিত বেতন ‘এরিয়ার’ হিসাবে একবারে পেয়ে যাবেন কর্মচারী ও পেনশনভোগীরা।

আর্থিক বিশ্লেষকদের একাংশের অনুমান, অষ্টম বেতন কমিশনের সুপারিশ মেনে সংশোধিত বেতন কাঠামো চালু করতে কেন্দ্রের ২০ মাস পর্যন্ত সময় লাগতে পারে। সে ক্ষেত্রে ‘এরিয়ার’ বাবদ একজন কর্মী ৩.৬ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। ‘ফিটমেন্ট ফ্যাক্টরের’ উপর ভিত্তি করে উঁচুতলার কর্মীদের বকেয়া বেশি হবে। সেই টাকা এক বা একাধিক কিস্তিতে দিতে পারে সরকার।

কেন্দ্রের যে সমস্ত কর্মচারী ৫০ হাজার টাকার কম আয় করেন, তাঁদের মোট আটটা পর্যায়ে ভাগ করা হয়েছে। লেভেন ১-এর কর্মীদের মূল বেতন ১৮ হাজার টাকা। আর মূল বেতন বাবদ মাসে ৪৭,৬০০ টাকা পান লেভেল ৮-এর কর্মীরা। অষ্টম বেতন কমিশনে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ২.০-২.৫৭-এর মধ্যে ঘোরাফেরা করলে লেভেন ১-এর কর্মীদের মূল বেতন বেড়ে ৩৬,০০০-৪৬,২৬০ টাকা পর্যন্ত হতে পারে। একই ভাবে লেভেন ৮-এর কর্মীরা পাবেন ১.২২ লক্ষ টাকা।

Advertisement
আরও পড়ুন