EPFO New App

মোবাইলের এক ক্লিকেই অ্যাকাউন্টে আসবে টাকা! প্রভিডেন্ট ফান্ডের জন্য আসছে ইউপিআই-যুক্ত নতুন অ্যাপ

বেসরকারি সংস্থার কর্মীদের প্রভিডেন্ট ফান্ড তোলা আরও বেশি সহজ করতে নতুন মোবাইল-অ্যাপ বাজারে আনছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। সংশ্লিষ্ট অ্যাপটিতে সংযুক্ত থাকবে ইউপিআই লেনদেনের সুবিধাও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৭
Representative Picture

—প্রতীকী ছবি।

বেসরকারি সংস্থার কর্মীদের জন্য সুখবর। মোবাইল ফোনের এক ক্লিকেই এ বার প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) টাকা তুলতে পারবেন তাঁরা। সেই লক্ষ্যে পৃথক অ্যাপ চালু করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এর সঙ্গে ‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’ বা ইউপিআই লেনদেনের সুবিধাও সংযুক্ত থাকবে বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে মিলেছে খবর।

Advertisement

বেসরকারি সংস্থার কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য রয়েছে এমপ্লোয়িজ় প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ। এর নিয়ন্ত্রণকারী সংস্থা হল ইপিএফও (এমপ্লোয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন)। বর্তমানে উমঙ্গ মোবাইল-অ্যাপের মাধ্যমে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের উপর নজর রাখতে পারেন গ্রাহক। সূত্রের খবর, নতুন অ্যাপটি উমঙ্গের থেকে সম্পূর্ণ আলাদা হবে। তার সঙ্গে যুক্ত থাকবে সংশ্লিষ্ট কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তা ছাড়া ভীম ও অন্যান্য ইউপিআই অ্যাপ সংযুক্ত রাখতে পারবেন তিনি।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন ইপিএফও-র এক পদস্থ কর্তা। তাঁর কথায়, ‘‘নতুন অ্যাপটির মাধ্যমে গ্রাহক প্রভিডেন্ট ফান্ডের টাকা নিজেদের পছন্দমতো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ক্লিকে স্থানান্তরিত করতে পারবেন। ওই প্রক্রিয়া শেষ হলে ইউপিআইতে ব্যবহার করা যাবে ওই টাকা। পুরো পদ্ধতিটাই ডিজিটাল হওয়ায় আর্থিক লেনদেন অনেক দ্রুত ও স্বচ্ছ হবে।’’

বর্তমানে প্রভিডেন্ট ফান্ডের টাকা অবশ্য অনলাইনে তুলতে পারেন গ্রাহক। এর জন্য ইপিএফওর পোর্টাল ব্যবহার করতে হয় তাঁকে। তবে ইউপিআইয়ের মাধ্যমে ওই টাকা খরচ করার কোনও সুবিধা নেই। পিটিআই সূত্রে খবর, গত কয়েক মাস ধরেই নতুন অ্যাপটির চলছে চূড়ান্ত পরীক্ষা। ফলে সব কিছু ঠিক থাকলে চলতি বছরের মার্চের শেষে বাজারে আসতে পারে সেটি। যদিও সরকারি ভাবে তার কোনও ‘ডেডলাইন’ এখনও ঘোষণা করেনি কেন্দ্রীয় শ্রম মন্ত্রক।

ইপিএফও-র ওই পদস্থ কর্তা জানিয়েছেন, গ্রাহক তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকার ৭৫ শতাংশ পর্যন্ত তুলতে পারবেন। নিয়ম অনুযায়ী, বাকি ২৫ শতাংশ পিএফ তহবিলেই তাঁকে রাখতে হবে। তবে কোনও ব্যক্তি চাকরি হারালে বা ছাঁটাই হলে ১২ মাস পর ওই ২৫ শতাংশ টাকা তুলে নিতে পারবেন। বর্তমানে ইপিএফওর তহবিলে থাকা টাকার মোট পরিমাণ আনুমানিক প্রায় ২৬ লক্ষ কোটি বলে জানা গিয়েছে। অন্য দিকে প্রায় ৩০ কোটি গ্রাহক রয়েছে এমপ্লোয়িজ় প্রভিডেন্ট ফান্ডের।

Advertisement
আরও পড়ুন