Tilbata Lau Shak Recipe

পোস্ত বা সর্ষে নয়, সাদা তিল বাটাতেই স্বাদ জমবে লাউশাকের, পাত খালি হবে এক পদেই

শীত পাততাড়ি গোটানোর আগেই তিলবাটার স্বাদ উপভোগ করে নিন নিরামিষ তরকারিতে। গরম ধোঁয়া ওঠা ভাতে মেখে শুকনো এই লাউশাকের তরকারি খেলে মন ভরে যাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৬
লাউশাকের তরকারিতে তিলবাটার স্বাদ।

লাউশাকের তরকারিতে তিলবাটার স্বাদ। ছবি: এআই সহায়তায় প্রণীত।

পোস্তবাটা, সর্ষেবাটা দিয়ে লাউশাকের তরকারি ঘরে ঘরে হয়। কিন্তু সাদা তিলবাটা দিয়ে রেঁধেছেন কখনও? শীত পাততাড়ি গোটানোর আগেই তিলবাটার স্বাদ উপভোগ করে নিন নিরামিষ তরকারিতে। গরম ধোঁয়া ওঠা ভাতে শুকনো এই লাউশাকের তরকারি মেখে খেলে মন ভরে যাবে। কী ভাবে রাঁধতে হবে, দেখে নিন।

Advertisement

উপকরণ

৫টি লাউশাকের আঁটি

২টি মাঝারি আলু

৭-৮টি শিম

২টি কাঁচা টম্যাটো

২ টেবিল চামচ সাদা তিল

১ টেবিল চামচ সর্ষের তেল

৮-১০টি কাঁচালঙ্কা

১ চা চামচ কালোজিরে

১ চা চামচ লঙ্কাগুঁড়ো

১ চা চামচ হলুদগুঁড়ো

স্বাদমতো নুন

প্রণালী

প্রথমে শিলনোড়ায় বা মিক্সিতে সাদা তিল বেটে নিতে হবে। শুরুতে একটু শুকনো অবস্থায় পিষে নিন। তার পর কাঁচালঙ্কা আর সামান্য জল মিশিয়ে মিহি করে বেটে নিন।

অন্য দিকে, লাউয়ের ডগা ভাল করে জল দিয়ে ধুয়ে নিতে হবে প্রথমে। বড় পাতা থাকলে একটু ছোট করে কেটে নিতে হবে। শাক কুচোনোর মতো কুচিয়ে নিলে সবচেয়ে ভাল। এর সঙ্গে শিম, আলুও ছোট করে কেটে নিতে হবে। হালকা সবুজ কাঁচা টম্যাটো এই তরকারির স্বাদ অনেকটাই বাড়িয়ে দিতে পারে। কাঁচা টম্যাটোকেও ছোট ছোট করে কেটে নিতে হবে। এ বার কড়াইয়ে সর্ষের তেল গরম করে কালোজিরের ফোড়ন দিন। সবার প্রথমে আলু ছাড়তে হবে তেলে। একটু নাড়াচাড়া করার পর শিম আর কাঁচা টম্যাটো মিশিয়ে দিন। তার পর একে একে হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো দিতে হবে। সব্জিগুলি হালকা নাড়াচাড়ার পর লাউশাক মিশিয়ে দিতে হবে। সামান্য জল মিশিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ৫-৭ মিনিট পর শাক ও সব্জিগুলি মজে এলে তিলবাটা ঢেলে দিতে হবে। নাড়াচা়ড়া করে, ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। শুকনো হয়ে এলে আঁচ বন্ধ করে দিন। গরম ভাতের সঙ্গে মেখে খেলে ভাল লাগবে।

Advertisement
আরও পড়ুন