ছবি: সংগৃহীত।
এ দেশের বেশ কয়েকটি বিমানবন্দরে পরিষেবা ব্যবসা ছিল তুরস্কের সংস্থার। গত বছর সিঁদুর অভিযানে বাতিল হয় লাইসেন্স। তার জেরে কোটি কোটি টাকার ক্ষতির হয়েছে তুরস্ক বিমান সংস্থা সেলেবির। সম্প্রতি সংস্থার চেয়ারপার্সন ক্যানান সেলিবিয়েগলু ব্লুমবার্গকে একটি সাক্ষাৎকার দিয়েছে। তাতেই তিনি জানিয়েছেন, ভারতে পরিষেবা বন্ধ হয়ে যাওয়া তাদের ৫০ কোটি ডলার ক্ষতি হয়েছে। ভারতীয় মুদ্রায় প্রায় ৪,৭০০ কোটি টাকা। সিঁদুর অভিযানে পাকিস্তানকে সরাসরি সমর্থন করেছিল তুরস্ক। তার জেরেই তাদের সংস্থার এ দেশে ব্যবসা করার নিরাপত্তা সংক্রান্ত অনুমোদন বাতিল করা হয়।
সংস্থার চেয়ারপার্সন ক্যানান জানিয়েছেন, ২০২৫ সালে মে মাসে ভারত যে সিদ্ধান্ত নিয়েছিল, তা সংস্থার ইতিহাসে কালোতম অধ্যায়। তিনি জানান, রাতারাতি হাজার হাজার কর্মী প্রতিদ্বন্দ্বী সংস্থায় বদলি হয়ে গিয়েছিলেন। বছরের পর বছর যে বিনিয়োগ করেছিল সংস্থা, তা নিমেষে শূন্যতে পৌঁছে গিয়েছিল। তাঁর কথায়, ‘‘আমাদের সব যন্ত্র বাজেয়াপ্ত করা হয়। আমাদের সেখান থেকে অপসারণ করা হয়। এক দিনে আমাদের ১০ হাজার কর্মীকে অন্য সংস্থায় বদলি করা হয়।’’
দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু-সহ ভারতের ন’টি বিমানবন্দরে পণ্য পরিবহন এবং ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সেলেবি। সিঁদুর অভিযানের সময় তাদের নিরাপত্তা সংক্রান্ত অনুমোদন বাতিল করে দেয় ভারতের ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (বিসিএএস)। ২০২৫ সালের এপ্রিলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ যায় ২৬ জনের। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের যোগের প্রমাণ মেলে। পাকিস্তান যদিও অস্বীকার করে। সিঁদুর অভিযান করে সে দেশে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনাবাহিনী। সে সময় পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তুরস্ক। তার পরেই তুরস্কের সংস্থা নিয়ে পদক্ষেপ করে ভারত।