Stock Market Crash

রক্তাক্ত শেয়ার বাজারে লগ্নিকারীদের মাথায় হাত! কোন স্টক রাখবেন, কোনটা বিক্রি করবেন? কী হবে মিউচুয়াল ফান্ডের?

ভূ-রাজনৈতিক জটিলতা ও ডলারের নিরিখে টাকার দাম পড়ে যাওয়া-সহ নানা কারণে গত কয়েক দিন ধরে লাগাতার স্টকের সূচকে দেখা যাচ্ছে পতন। এ-হেন পরিস্থিতিতে কী ভাবে নিজের পোর্টফোলিয়ো ঠিক রাখবেন শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের লগ্নিকারীরা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১১:২১
Representative Picture

—প্রতীকী ছবি।

শেয়ারবাজারে অব্যাহত অস্থিরতা। লাফিয়ে লাফিয়ে স্টকের সূচক নামতে থাকায় মাথায় হাত লগ্নিকারীদের। মঙ্গলবার, ১২ মার্চ সকাল ১০টা নাগাদ ৭৫ হাজারের ঘরে নেমে যায় সেনসেক্স। নিফটি ৫০-র অবস্থাও তথৈবচ। একই সময়ে ২৩,৫০০-র কিছুটা উপরে সংশ্লিষ্ট সূচকটিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। লোকসান এড়াতে এই পরিস্থিতিতে কী করবেন বিনিয়োগকারীরা? আনন্দবাজার ডট কম-এর প্রতিবেদনে রইল তার হদিস।

Advertisement

এ দেশের তাবড় ব্রোকারেজ ফার্মগুলির দাবি, বাজারে অস্থিরতা বজায় থাকার দরুণ লগ্নিকারীদের পোর্টফোলিয়ো নিয়ে চিন্তাভাবনা করতে হবে। উচ্চ গুণমানের লার্জ ক্যাপ এবং উচ্চ ফ্রি ক্যাশ ফ্লো যুক্ত সংস্থায় বিনিয়োগ করতে পারেন তাঁরা। তবে পর্যাপ্ত নগদের একটা বাফার বজায় রেখে সেটা করা ভাল। সে ক্ষেত্রে কোনও কারণে সেখানেও লোকসান হলে, ধাক্কা সামলাতে পারবেন তাঁরা।

এর পাশাপাশি বাজার থেকে নিয়মিত মুনাফা তুলে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকদের একাংশ। মিউচুয়াল ফান্ডের লগ্নিকারীদের জন্য অবশ্য বর্তমান সময়কে ‘ভাল’ বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের কথায়, বাজার অস্থির হওয়ায় ‘সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান’ বা এসআইপিতে বিনিয়োগ করা যেতে পারে। পাশাপাশি, পোর্টফোলিয়োয় বৈচিত্র বজায় রাখার কথা বলেছেন তাঁরা।

লগ্নিকারীদের একাংশ আবার বন্ডে বিনিয়োগ করতে ভালবাসেন। সেখানে তেলের মতো সংবেদনশীল ক্ষেত্রগুলিকে এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। শেয়ার, মিউচুয়াল ফান্ড এবং ‘এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড’ বা ইটিএফের মধ্যে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে প্রথমটি বেছে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তাঁরা।

বিশেষজ্ঞদের কথায়, শেয়ারে লগ্নির ক্ষেত্রে বিনিয়োগকারীদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। বর্তমান পরিস্থিতিতে ব্যালেন্স শিটযুক্ত শক্তিশালী সংস্থা, মূল্য নির্ধারণের ক্ষমতা সম্পন্ন ব্যবসা, দেশীয় বাজারে ভোগ্যপণ্যের চাহিদা, উৎপাদন ও পরিকাঠামো, নির্বাচিত আর্থিক ও জ্বালানি খাত এবং মিউচুয়াল ফান্ডের দীর্ঘমেয়াদি লগ্নির দিকে নজর দিতে পারেন গ্রাহক।

উল্লেখ্য, বাজার অস্থির হওয়ায় এসআইপি থেকে অনেকেই বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। লগ্নিকারীদের সেই সিদ্ধান্ত থেকে সরে আসার পরামর্শ দিচ্ছে অধিকাংশ ব্রোকারেজ ফার্ম। পাশাপাশি প্রতিরক্ষা, পরিকাঠামো, রেলপথ এবং উৎসাহ ভাতার সঙ্গে সংযুক্ত উৎপাদন খাতে বিনিয়োগ লাভজনক হওয়ার ইঙ্গিত দিয়েছে তারা।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

Advertisement
আরও পড়ুন