—প্রতীকী চিত্র।
বাণিজ্য চুক্তি এবং শুল্ক কমানোর জন্য আমেরিকার দেওয়া শর্ত মেনে ভারত রাশিয়া থেকে অশোধিত তেল আমদানি উল্লেখযোগ্য ভাবে কমাচ্ছে। সূত্রের দাবি, বাণিজ্যের সমীকরণ বদলের এই প্রেক্ষাপটে দেশে জ্বালানি নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে কৌশলগত ভারসাম্য ফেরাতে শুরু করেছে নয়াদিল্লি। রাশিয়া থেকে আমদানির পরিমাণ কমে আসায় বিকল্প হিসেবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহির মতো আরব দেশের তেল আসা বাড়ছে। সস্তায় তেল কেনার জন্য এক সময় রাশিয়া নির্ভরশীলতা বেড়েছিল ভারতের। অতীতে ভারসাম্য নষ্ট হয়। এখন সেই পরিস্থিতির দ্রুত পরিবর্তন হচ্ছে।
পরিসংখ্যান বলছে, জানুয়ারির ৫২.৫০ লক্ষ ব্যারেল থেকে ফেব্রুয়ারির প্রথমে রুশ তেল আমদানি ৪৮.৫০ লক্ষ ব্যারেলে (দিনে) নেমেছে। বিশ্ব জুড়ে তেলের দাম এবং সরবরাহ ব্যবস্থায় পরিবর্তনের প্রভাব পড়ছে। রাশিয়াও হিমশিম খাচ্ছে তার রফতানি আয় ধরে রাখতে। তবে এই সমীকরণ ফিরিয়ে আনছে সৌদি আরবকে। সেখান থেকেআমদানির পরিমাণ ২০১৯ সালের নভেম্বরের পরে ফের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যদিও রাশিয়া এখনও ভারতের প্রধান তেল সরবরাহকারী। আসন্ন দিনে আরব দেশের পাশাপাশি, ভেনেজ়ুয়েলা থেকে তেল আমদানির পথও খোলা রাখছে নয়াদিল্লি। বিশেষজ্ঞদের দাবি, তেল কেনার নতুন কৌশল গ্রহণ করে এক দিকে ভারত দীর্ঘমেয়াদি ভিত্তিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে।