Parts Import

বাণিজ্যিক শীতলতা দূর করার প্রাথমিক পদক্ষেপ? চিন থেকে সীমিত পরিমাণে যন্ত্রাংশ আনায় সায় কেন্দ্রের

একই কথা ভাবা হচ্ছে কয়লার ক্ষেত্রেও। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রকল্পের অবস্থা খতিয়ে দেখে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৯
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিদ্যুৎ ও কয়লা-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রের জন্য চিন থেকে সীমিত পরিমাণে যন্ত্রাংশ আমদানিতে অনুমোদন দিতে চলেছে ভারত। যা কার্যকর হলে, সেটা হবে পাঁচ বছরে দু’দেশের বাণিজ্যিক সম্পর্কের শীতলতা দূর করার পথে প্রথম উল্লেখযোগ্য পদক্ষেপ। সরকারি দুই কর্তার দাবি, জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে দেশের অভ্যন্তরে উৎপাদন ক্ষমতা বজায় রাখা এবং প্রকল্পের কাজের গতি বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই সরকারি ঘোষণা হবে। রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থাগুলি সংবহনের যন্ত্রাংশ পড়শি দেশ থেকে সরাসরি কোনও সরকারি অনুমোদন ছাড়াই আমদানি করতে পারবে। একই কথা ভাবা হচ্ছে কয়লার ক্ষেত্রেও। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রকল্পের অবস্থা খতিয়ে দেখে। ২০২০ সালে পড়শি দেশটির সঙ্গে সীমান্ত সংঘাতের জেরে চিন থেকে আমদানিতে কড়াকড়ি চাপিয়েছিল মোদী সরকার। বর্তমানে ভারতে কোনও সরকারি প্রকল্পে অংশ নিতে হলে চিনা সংস্থাগুলিকে সরকারের বিশেষ কমিটির কাছে ছাড়পত্র নিতে হয়। পাশাপাশি লাগে রাজনৈতিক এবং সুরক্ষা সংক্রান্ত অনুমোদনও। এই বিধিনিষেধের কারণে ইতিমধ্যেই এ দেশে ৭০,০০০-৭৫,০০০ কোটি ডলারের বরাত হাতছাড়া হয়েছে চিনা সংস্থাগুলির।

আরও পড়ুন