Mazagon Dock Stock

ছয় ডুবোজাহাজ তৈরির ৭০,০০০ কোটির বরাত মিলতেই গতির ঝড়! সোমে বাজার খুলতেই পকেট ভরাবে এই প্রতিরক্ষা স্টক?

ভারতীয় নৌবাহিনীর জন্য ছ’টি অত্যাধুনিক ডুবোজাহাজ নির্মাণে ৭০,০০০ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। এর জেরে লক্ষ্মীলাভের স্বপ্ন দেখছেন রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা মাজ়গাও ডক শিল্পবিল্ডার্সের লগ্নিকারীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১৫:০৪
Representative Picture

—প্রতীকী চিত্র।

উত্তর ও উত্তর-পূর্বে চিন এবং পশ্চিমে পাকিস্তান। জোড়া শত্রুর কথা মাথায় রেখে ডুবোজাহাজ নির্মাণে ৭০ হাজার কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্র। এই খবর প্রকাশ্যে আসতেই বাড়ল রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থার স্টক। সোমবার, ১ জুন সেই প্রবণতা বজায় থাকলে মাসের শুরুতেই লগ্নিকারীরা যে বাম্পার মুনাফা করবেন, তা বলাই বাহুল্য।

Advertisement

ডুবোজাহাজ নির্মাণকারী ওই রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থাটি হল মাজ়গাও ডক শিপবিল্ডার্স লিমিটেড। শুক্রবার, ২৯ মে হঠাৎ করেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে তার শেয়ারের দর। শুধু তা-ই নয়, সকাল ১১:২৪ মিনিট নাগাদ ৩.১২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২,৫৩১.৮০ টাকায় পৌঁছোয় মাজ়গাওয়ের স্টকের দাম। বিকেলের দিকে অবশ্য কিছুটা নিম্নমুখী হয় এর সূচক।

শুক্রবার সকালেই ছ’টি অত্যাধুনিক ডুবোজাহাজ নির্মাণের জন্য ৭০ হাজার কোটি টাকার ব্যয় বরাদ্দে সবুজ সঙ্কেত দেয় অর্থ মন্ত্রক। জার্মানির সঙ্গে যৌথ উদ্যোগে ভারতীয় নৌবাহিনীর জন্য এই ‘নিঃশব্দ ঘাতক’গুলিকে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পটির নাম ‘প্রজেক্ট ৭৫আই’।

ভারতীয় নৌসেনার জন্য সংশ্লিষ্ট ডুবোজাহাজগুলি তৈরি করবে মাজ়গাও ডক শিপবিল্ডার্স। তাদের সঙ্গে ‘প্রজেক্ট ৭৫আই’তে অংশীদারিত্ব থাকছে জার্মান প্রতিরক্ষা সংস্থা ‘থাইসেনক্রুপ মেরিন সিস্টেমস’-এর (টিকেএমএস)। ডুবোজাহাজের নকশা ও প্রযুক্তি হস্তান্তর করবে তারা। এই প্রকল্পের বরাত পাওয়ার লড়াইয়ে ছিল লার্সেন অ্যান্ড টুব্রো এবং নাভান্টিয়া। যদিও শেষ পর্যন্ত তাঁদের ভাগ্যে শিকে ছেঁড়েনি।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সাত বছরের মাথায় ভারতীয় নৌবাহিনীকে প্রথম ডুবোজাহাজটি হস্তান্তর করবে মাজ়গাও ডক। পরের প্রতি বছর নৌসেনার বহরে একটি করে যুক্ত হবে বাকি পাঁচটা ডুবোজাহাজ। আর তাই দীর্ঘমেয়াদে রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থাটির স্টকের সূচক ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা প্রবল, বলছেন বিশ্লেষকদের একাংশ।

বর্তমানে ২,৪৬০ টাকায় দাঁড়িয়ে আছে মাজ়গাও শিপবিল্ডার্সের শেয়ার। গত এক মাসে এতে ১০ শতাংশের পতন লক্ষ্য করা গিয়েছে। তবে শেষ পাঁচ বছরে রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা স্টকটির দাম বেড়েছে ২,২১৬ শতাংশ।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

Advertisement
আরও পড়ুন