—প্রতিনিধিত্বমূলক চিত্র।
দেশে আরও বেশি ভাল মানের চাকরি তৈরি জরুরি, মন্তব্য প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এস মহেন্দ্র দেব-এর। বুধবার কলকাতায় ভারত চেম্বারের সভায় বণিকসভার প্রাক্তন সভাপতি এন জি খেতান এক সমীক্ষার কথা তুলে জানান, ভারতে স্নাতকদের ৫০% বেকার। দেবের জবাব, ‘‘ওই সব সমীক্ষা সব সময় ঠিক হয় না। ওই স্নাতকদের পুরো বেকারও বলা চলে না। কিছু না কিছু তাঁরা করছেন। তবে এটা ঠিক, তাঁদের উপযুক্ত ভাল মানের কাজের অভাব রয়েছে।’’
এ দিন বেসরকারি লগ্নি বৃদ্ধির উপরেও জোর দেন মহেন্দ্র। জানান, কেন্দ্র মূলধনী খরচ বাড়াচ্ছে। চলতি বছরে লক্ষ্য ১২ লক্ষ কোটি টাকা। কিন্তু ২০৪৭-এর মধ্যে উন্নত দেশে পরিণত হতে শুধু সরকারি লগ্নি যথেষ্ট নয়। প্রয়োজন বেসরকারি পুঁজির। সঞ্চয় বৃদ্ধির উপরেও জোর দেওয়ার কথা বলেছেন তিনি। টাকা প্রসঙ্গে বার্তা, ডলারের দাম ৯২-৯৩ টাকার মধ্যে ঘোরাফেরা করবে।