Meta Layoff

কারণ সেই কৃত্রিম মেধা! কর্মদক্ষতা বাড়াতে আবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা জ়ুকেরবার্গের মেটার, চাকরি যাবে ১০ শতাংশের

এআই খাতে ক্রমবর্ধমান ব্যয়ের কারণে মেটা-সহ অন্যান্য অনেক বড় তথ্যপ্রযুক্তি সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। বৃহস্পতিবার হাজার হাজার মার্কিন কর্মীকে স্বেচ্ছায় অবসর গ্রহণের প্রস্তাব দিয়েছে মাইক্রোসফট কর্পোরেশন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১১:৪৩
Meta to cut 10% of jobs to boost efficiency and offset its heavy spending on AI

ছবি: এআই সহায়তায় প্রণীত।

মেটাতে আবার হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা। ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থাটি নতুন করে কর্মী কমানোর পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কর্মদক্ষতা বাড়াতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জন্য বিপুল ব্যয়ের প্রভাব কমাতে ১০ শতাংশ কর্মী, অর্থাৎ প্রায় ৮,০০০ জনকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে তথ্যপ্রযুক্তি সংস্থাটি। বৃহস্পতিবার কর্মীদের কাছে পাঠানো একটি মেমোতে সে কথা জানিয়ে দিয়েছে মেটা কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে, কর্মী ছাঁটাইয়ের এই প্রক্রিয়া ২০ মে থেকে কার্যকর হবে। পাশাপাশি জানা গিয়েছে, সংস্থায় যে ৬,০০০ শূন্য পদে নিয়োগের পরিকল্পনা করেছিল মেটা, তা-ও বর্তমানে স্থগিত রাখছে তারা।

Advertisement

বৃহস্পতিবার কর্তৃপক্ষের তরফে যে মেমোটি প্রকাশ করা হয়েছে সেখানে মেটা তাদের এআই খাতে বিপুল ব্যয়ের ইঙ্গিত দিয়েছে। চিফ পিপল অফিসার জ্যানেল গেল মেমোতে লিখেছেন, “সংস্থাকে আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করার এবং আমাদের অন্যান্য বিনিয়োগের ঘাটতি পূরণের প্রচেষ্টার অংশ হিসেবে আমরা কর্মী সংখ্যা হ্রাস করতে চলেছি।”

এই কর্মী ছাঁটাই এমন এক সময়ে হচ্ছে যখন সিইও মার্ক জ়ুকেরবার্গ অত্যাধুনিক এআই পণ্য তৈরির জন্য প্রয়োজনীয় মেধা এবং পরিকাঠামোর পিছনে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করছেন। মেটা ইতিমধ্যেই এই বছর রেকর্ড পরিমাণ মূলধনী ব্যয়ের পূর্বাভাস দিয়েছে এবং গত কয়েক মাসে এআই অংশীদারদের সঙ্গে বহু কোটি ডলারের চুক্তি করেছে। কর্মীদেরও কোড লেখা এবং অন্যান্য কাজে সাহায্য করার জন্য অভ্যন্তরীণ ভাবে এআই ব্যবহার করতে উৎসাহিত করা হচ্ছে বলে সূত্র মারফৎ মিলেছে খবর।

চলতি বছরের বেশিরভাগ সময় ধরেই চাকরি ছাঁটাই নিয়ে উদ্বিগ্ন ছিলেন মেটার কর্মীরা। কর্মী হ্রাসের কারণে ইতিমধ্যেই সংস্থার ‘রিয়্যালিটি ল্যাবস’ বিভাগ এবং অন্যান্য একাধিক বিভাগ প্রভাবিত হয়েছে। চিফ পিপল অফিসার জানিয়েছেন, যে হেতু সংস্থার পরিকল্পনার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, তাই মেটা আগেভাগেই কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করছে। উল্লেখ্য, এপ্রিলের শুরুতে সংবাদসংস্থা রয়টার্স প্রথম মেটার পরিকল্পিত কর্মী ছাঁটাইয়ের খবরটি প্রকাশ্যে আনে।

২০২২ সালের শেষদিকে এবং ২০২৩ সালের গোড়ায় মেটা-র পুনর্গঠনের জন্য প্রায় ২১,০০০ কর্মী ছাঁটাই করা হয়েছিল। সেই সময়ে দ্রুত কমতে থাকে মেটা-র শেয়ারের দাম। এই বছরের শুরুতে তুলনামূলক ভাবে স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে মেটা। বছরের শুরু থেকে মেটার শেয়ারের দাম ৩.৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার উপর বিপুল ব্যয় সত্ত্বেও, গত বছর সংস্থাটি ২০ হাজার কোটি বেশি রাজস্ব আয় করেছে এবং ৬ হাজার কোটি টাকা মুনাফা অর্জন করেছে।

তবে এআই খাতে ক্রমবর্ধমান ব্যয়ের কারণে মেটা-সহ অন্যান্য অনেক বড় তথ্যপ্রযুক্তি সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। মাইক্রোসফট কর্পোরেশন বৃহস্পতিবার হাজার হাজার মার্কিন কর্মীকে স্বেচ্ছায় অবসর গ্রহণের প্রস্তাব দিয়েছে।

Advertisement
আরও পড়ুন