Elon Musk

পশ্চিমবঙ্গে পা রাখছে টেসলা, পুজোর আগেই পরিষেবা দিতে হাজির হবে মাস্কের সংস্থা

ভারতে কারখানা খোলা এবং বিদেশ থেকে এখানে গাড়ি আমদানিতে চড়া শুল্ক নিয়ে দীর্ঘ দিন ধরেই কেন্দ্রের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন বিশ্বের ধনীতম ব্যক্তি মাস্ক। তার মধ্যেই গত বছর ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে তাঁদের মধ্যে বৈঠক হয়।

অঙ্কুর সেনগুপ্ত
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ০৬:২১
ইলন মাস্ক।

ইলন মাস্ক। —ফাইল চিত্র।

এ বার পশ্চিমবঙ্গে পা রাখতে চলেছে ইলন মাস্কের টেস্‌লা। মুম্বইয়ে বুধবার এক সাংবাদিক সম্মেলনে বৈদ্যুতিক গাড়ি সংস্থাটি জানিয়েছে, চলতি বছরে পুজোর আগেই রাজ্যে টেস্‌লার পক্ষ থেকে প্রথম পরিষেবা কেন্দ্র (সার্ভিস সেন্টার) এবং বডি শপ খোলা হবে। টেস্‌লা ইন্ডিয়া সূত্রের খবর, ভারতে পূর্বাঞ্চলের বেশ কিছু রাজ্যে তাদের ক্রেতা রয়েছেন। সেই সংখ্যাটা ক্রমশ ঊর্ধ্বমুখী। তাঁদের কথা মাথায় রেখেই বাংলায় এই সার্ভিস সেন্টার এবং বডি শপ চালুর সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর-পূর্বাঞ্চলের ক্রেতারা সহজে পরিষেবা পেতে পারেন, সেই লক্ষ্যে এই রাজ্যকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাস্কের সংস্থাটি।

ভারতে কারখানা খোলা এবং বিদেশ থেকে এখানে গাড়ি আমদানিতে চড়া শুল্ক নিয়ে দীর্ঘ দিন ধরেই কেন্দ্রের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন বিশ্বের ধনীতম ব্যক্তি মাস্ক। তার মধ্যেই গত বছর ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে তাঁদের মধ্যে বৈঠক হয়। এর পরে ভারতে একাধিক শহরে বিপণি খুলেছে টেস্‌লা। ভারতে কৃত্রিম উপগ্রহ ভিত্তিক নেট পরিষেবা দিতে উদ্যোগী হয়েছে মাস্কের সংস্থা স্টারলিঙ্কও। তারা রয়েছে ছাড়পত্রের অপেক্ষায়। সম্প্রতি আবার গাড়ি আমদানিতে শুল্ক কিছুটা ছেঁটেছে মোদী সরকার।

এই অবস্থায় বুধবার সাংবাদিকদের টেসলা ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার শারদ আগরওয়াল জানান, ‘‘আমরা চলতি বা পরের ত্রৈমাসিকে পশ্চিমবঙ্গ, হায়দরাবাদ, চেন্নাই এবং আমদাবাদে সার্ভিস সেন্টার ও বডি শপ খুলব। গাড়ি কেনার চেয়েও ক্রেতাদের বেশি চিন্তা থাকে পরবর্তীকালে পরিষেবা পাওয়া নিয়ে। সেই কারণেই গাড়ি বিক্রির প্রবণতা খতিয়ে দেখে এই পরিষেবা কেন্দ্রগুলি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ সূত্রের দাবি, ইতিমধ্যেই রাজ্যে কোথায় এই সার্ভিস সেন্টার হবে তা স্থির হয়ে গিয়েছে। কিন্তু সেই জায়গা ও লগ্নির অঙ্ক খোলসা করেনি সংস্থা।

তবে সার্ভিস সেন্টার খুললেও, এখনই রাজ্যে বিপণি খোলার পরিকল্পনা টেস্‌লার নেই বলেই জানা গিয়েছে। পাশাপাশি, কলকাতায় আসছে না তাদের বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশনও। বরং চলতি বছরে দিল্লি, চণ্ডীগড়, পুণে, আমদাবাদ, জয়পুর, বেঙ্গালুরু ও চেন্নাইয়ে সংস্থার পক্ষ থেকে চার্জিং নেটওয়ার্ক তৈরি করা হবে বলে জানিয়েছেন শারদ। তার পরের ধাপে আরও বেশ কিছু শহর রয়েছে তাঁদের পরিকল্পনায়। মূলত, এই সমস্ত শহরের জাতীয় ও রাজ্য সড়কের ধারে এই চার্জিং স্টেশনগুলি গড়ে তোলা হবে।

অন্য দিকে, এশিয়ায় টেস্‌লার শীর্ষকর্তা ইসাবেল ফ্যান জানান, ভারতে যথাসময়ে মানুষের মতো দেখতে রোবট (হিউম্যানয়েড রোবটঃ আনা হবে। যদিও নির্দিষ্ট সময় স্পষ্ট করেননি তিনি। মূলত এই রোবট মানুষের পক্ষে যা কঠিন ও
অসাধ্য, সেই কাজই সহজে করে। এ দিন অবশ্য দেশে ছয় আসন বিশিষ্ট বিলাসবহুল এসইউভি বাজারে এনেছে মাস্কের সংস্থাটি।

আরও পড়ুন