গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
সিবিএসই দ্বাদশের পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে সোমবার। তবে সেই সঙ্গে পরীক্ষার্থীদের খাতা দেখার একটি নতুন নিয়মও চালু করেছে সিবিএসই। সেই নিয়ম বলছে, এ বার নিজের পরীক্ষার খাতাটি নিজেই গিয়ে যাচাই করে আসতে পারবেন ছাত্রছাত্রীরা। সিবিএসই মনে করছে, এতে বোর্ডের পরীক্ষার ফল নিয়ে ধোঁয়াশার আর কোনও জায়গা থাকবে না।
তবে ওই সুবিধা সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যাঁদের পুনর্মূল্যায়নের পরও নম্বর পরিবর্তিত হয়নি, কর্তৃপক্ষের তরফে ‘নো চেঞ্জ’ জানানো হয়েছে, তাঁরাই নিজেদের খাতা দেখার সুযোগ পাবেন। এঁরাই সিবিএসই-র আঞ্চলিক দফতরে গিয়ে নিজেদের পরীক্ষার খাতা নিজে যাচাই করার সুযোগ পাবেন।
মে মাসে সিবিএসই দ্বাদশের ফল প্রকাশের পর থেকে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। এ বছরই প্রথম অন স্ক্রিন মার্কিং (ওএসএম) পদ্ধতিতে খাতা দেখা হয় সিবিএসই-র। পরীক্ষার্থীরা অভিযোগ করেন, তাঁদের খাতা যথাযথ ভাবে দেখা হয়নি। নম্বর যা আশা করেছিলেন, তার থেকে অনেকটাই কম এসেছে। প্রশ্ন ওঠে ওএসএম পদ্ধতিতে খাতা দেখা নিয়েও। যে কারণে খাতা পুনর্মূল্যায়নের দাবি তোলেন বহু পরীক্ষার্থী। সোমবার সেই পুনর্মূল্যায়নেরই ফল প্রকাশ হয়েছে। তার পরেই নতুন নিয়মের কথা ঘোষণা করেছে সিবিএসই।
এর আগে পরীক্ষার্থীরা শুধু খাতা যাচাই এবং খাতা পুনর্মূল্যায়নের আবেদন করতে পারতেন। খাতার স্ক্যানড কপি দেওয়ার নিয়মও চালু করা হয়। কিন্তু সেই স্ক্যানড কপির যথার্থতা নিয়েও প্রশ্ন তোলেন বহু ছাত্র-ছাত্রী। সিবিএসই তাই এ বার খাতাটিই পরীক্ষার্থীদের দেখানোর সুযোগ দিয়েছে।
সিবিএসই একটি নোটিস দিয়ে জানিয়েছে, ‘‘যে সমস্ত পরীক্ষার্থী খাতা পুনর্মূল্যায়ণের জন্য আবেদন করেছিলেন এবং তার পরে ফলাফলে অপরিবর্তীত নম্বর পেয়েছেন, তাঁদের একটি সুযোগ দেওয়া হবে। যদি তারা চায়, তবে নিজেদের পরীক্ষার খাতা সিবিএসই-র আঞ্চলিক অফিসে গিয়ে দেখে আসতে পারবে তারা। সেটি কবে থেকে সম্ভব, তার দিন ক্ষণ শীঘ্রই জানানো হবে।’’