—প্রতীকী চিত্র।
দেশে গাড়ি বিক্রি বেড়েছিল জানুয়ারিতে। গত মাসে তার থেকে কমে গিয়েছে। গাড়ির ডিলার বা বিক্রেতা সংস্থাগুলির সংগঠন ফাডার হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারিতে ভারতে মোট যাত্রিবাহী চার চাকা বিকিয়েছে প্রায় ৩.৯৫ লক্ষ। যা তার আগের মাসের তুলনায় ২৩.১২% কম। তবে গত বছরের ওই একই মাসের নিরিখে হিসাব করলে ২৬.১২% বেশি। ফেব্রুয়ারিতে দু’চাকার বিক্রিও জানুয়ারির থেকে কমেছে ৮.২২%। কিন্তু গত বছরের তুলনায় বেড়েছে ২৫ শতাংশের বেশি। সব রকম মিলিয়ে গত মাসে দেশের বাজারে গাড়ি বিক্রির মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৪.১০ লক্ষ। যা তার আগের মাসের চেয়ে ১০.৫% কম হলেও, গত বছরের ফেব্রুয়ারির থেকে ২৫.৬২% বেশি। ফাডার সর্বভারতীয় সভাপতি সিএস বিজ্ঞেশ্বরের মতে, চাহিদা মাথা তোলায় বিক্রি বেড়েছে। তবে তথ্যে স্পষ্ট, সব গাড়িই শহরের থেকে বেশি বিক্রি হয়েছে গ্রামে।