Silver Price

রকেটের গতিতে উত্থানের পর উল্কার গতিতে পতন, দু’দিনে ৮৩ হাজার টাকা কমল রুপোর দাম

সোনা-রুপো লেনদেনকারীদের দাবি, ‘‘রাশিয়ার শীর্ষ ব্যাঙ্ক প্রচুর পরিমাণে সোনা বাজারে ছেড়েছে। যার জেরে দাম এ ভাবে পড়ছে। তবে দু’দিনে রুপোর প্রায় ৮৩,০০০ টাকা কমে যাওয়া নজিরবিহীন এবং বিস্ময়কর।’’

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৪

—প্রতীকী চিত্র।

লাগাতার লাফিয়ে একের পর এক নজির গড়া উচ্চতার পরে এ বার বিপুল বেগে কমছে সোনা-রুপোর দাম। শনিবার কলকাতার বাজারে ১০ গ্রাম খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট) শুক্রবারের থেকে ৭৬৫০ টাকা কমে হয়েছে ১,৬২,৩০০ টাকা। তবে রুপোর দাম পড়েছে কার্যত চমকে ওঠার মতো। প্রতি কেজি খুচরো রুপো এক দিনে নেমে গিয়েছে ৪৮,৭৫০ টাকা। শুক্রবার সোনার দাম কমেছিল আগের দিনের থেকে ৮৫০০ টাকা আর রুপো ৩৪,১৫০ টাকা। ফলে মাত্র দু’দিনেই সোনা সস্তা হল মোট ১৬,১৫০ টাকা আর রুপো ৮২,৯০০ টাকা। সোনা-রুপো লেনদেনকারীদের দাবি, ‘‘রাশিয়ার শীর্ষ ব্যাঙ্ক প্রচুর পরিমাণে সোনা বাজারে ছেড়েছে। যার জেরে দাম এ ভাবে পড়ছে। তবে দু’দিনে রুপোর প্রায় ৮৩,০০০ টাকা কমে যাওয়া নজিরবিহীন এবং বিস্ময়কর।’’ বিশেষজ্ঞেরা মনে করছেন, দুই দামি ধাতু অতিরিক্ত দ্রুত গতিতে চড়েছে। ফলে এই সংশোধন হওয়ারই ছিল। ঠিক যে ভাবে শেয়ার বাজার অনেকটা উপরে ওঠার পরে লগ্নিকারীদের মুনাফা তোলের জেরে বিভিন্ন শেয়ারের দর কিছুটা নেমে আসে। এতে বাজারে ভারসাম্য ফেরে।

আরও পড়ুন