Commercial Gas Crisis

দেশ জুড়ে শুরু বাণিজ্যিক সিলিন্ডার বিক্রি, চলবে আচমকা তল্লাশিও

পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্মসচিব সুজাতা শর্মা এ দিন ফের গৃহস্থের রান্নার গ্যাসের আশঙ্কার বুকিং (প‍্যানিক বুকিং) নিয়ে সতর্ক করেছেন। জানিয়েছেন, এই সমস‍্যার আগে যেখানে দিনে ৫৪ লক্ষ বুকিং হত, শনিবার তা ছুঁয়েছে ৮৮ লক্ষ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ০৬:৪৪

—প্রতীকী চিত্র।

চাহিদার তুলনায় সামান‍্য হলেও ফের বাণিজ্যিক সিলিন্ডার বণ্টন চালু করল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কেন্দ্র জানিয়েছে, হরমুজ় প্রণালীতে আটকে থাকা এলপিজি ভরা দু’টি জাহাজও কাল-পরশু ভারতের উপকূলে ভিড়বে। ফলে আগামী সপ্তাহ থেকে বাণিজ‍্যিক সিলিন্ডারের ঘাটতি অনেকটা কমবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। সরকারি সূত্রের খবর, শুক্র ও শনিবার মিলিয়ে সারা দেশেই আংশিক বিক্রি শুরু হয়ে গিয়েছে।

পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্মসচিব সুজাতা শর্মা এ দিন ফের গৃহস্থের রান্নার গ্যাসের আশঙ্কার বুকিং (প‍্যানিক বুকিং) নিয়ে সতর্ক করেছেন। জানিয়েছেন, এই সমস‍্যার আগে যেখানে দিনে ৫৪ লক্ষ বুকিং হত, শনিবার তা ছুঁয়েছে ৮৮ লক্ষ। এ ভাবে অযথা বুকিং না করাই ভাল। তাতে যাঁদের প্রয়োজন, তাঁরা গ্যাস পেতে সমস্যায় পড়বেন। যথেষ্ট মজুত রয়েছে। দুশ্চিন্তার প্রশ্ন নেই। গ্যাসের কালোবাজারি এবং বেআইনি মজুত রুখতে দেশ জুড়ে আচমকা হানাও চালাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র জানিয়েছে, কলকাতা-সহ বিভিন্ন জায়গায় এ দিনই কিছু বাণিজ্যিক সিলিন্ডার দেওয়া হয়েছে। বণ্টনের বিষয়টি পরিচালনা করছে রাজ্য সরকার এবং তেল সংস্থাগুলি, জানান ইন্ডেন গ্যাস বণ্টনকারীদের সংগঠনের কর্তা বিজন বিশ্বাস। এইচপি এলপিজি বণ্টনকারীদের পক্ষে সঞ্জয় আগরওয়াল জানান, সংস্থার নির্দেশিকা অনুযায়ী সোমবার থেকে প্রত‍্যেক গ্রাহকের চাহিদার ২০% সিলিন্ডার দেওয়া যাবে। ভারত গ‍্যাস সূত্রেও খবর, ১-২ দিনের মধ‍্যে কিছুটা করে বণ্টন শুরু হবে। সব তেল সংস্থা সূত্রেরই দাবি, আগামী সপ্তাহে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে। শনিবার সকাল থেকে বাড়িতে রান্নার গ্যাস বুকিং-এর ক্ষেত্রেও গ্রাহকদের সমস্যা কিছুটা কমেছে। বাকিটা ৩-৪ দিনে ঠিক হয়ে যাবে বলে আশা।

এ দিকে, তেল নিয়ে এ দিন অ্যাডভাইজ়রি জারি করেছে মন্ত্রক। নাগরিক এবং পেট্রল পাম্প, দু’পক্ষের জন্যই। নাগরিকদের বার্তা, যথেষ্ট পেট্রল-ডিজ়েল রয়েছে। ফলে অযথা সেগুলি মজুত করা কিংবা ঝুঁকি নিয়ে যে কোনও পাত্রে জমানোর দরকার নেই। পাম্পগুলিকে সতর্কবার্তা, গাড়ি এবং কৃষির প্রয়োজন ছাড়া কাউকে খুচরো জ্বালানি বেচা যাবে না। নিষেধ না মানলে সুরক্ষা বিধি ভাঙার জন্য কড়া পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন