Sun Pharma Organon Deal

বাজার খুলতেই আট শতাংশের লম্বা লাফ! মার্কিন সংস্থা কিনে লগ্নিকারীদের বাম্পার মুনাফা দিচ্ছে ভারতের এই ফার্মা স্টক

১,১৭৫ কোটি ডলারে মার্কিন সংস্থা অর্গ্যানন অধিগ্রহণে সম্মত হয়েছে সান ফার্মা। এই খবর প্রকাশ্যে আসতেই শেয়ার বাজারে ঝড় তুলেছে ভারতের চিকিৎসা ও ওষুধ প্রস্তুতকারী কোম্পানিটির স্টক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৩:৫১
Representative Picture

—প্রতীকী চিত্র।

সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ় লিমিটেডের শেয়ারে লগ্নিকারীদের পোয়াবারো! সপ্তাহের প্রথম কাজের দিনেই হু-হু করে বাড়ছে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাটির স্টকের দর। সম্প্রতি, ১,১৭৫ কোটি ডলারে মার্কিন ফার্মা সংস্থা অর্গ্যাননকে অধিগ্রহণে সম্মতি জানায় তারা। সেই খবর প্রকাশ্যে আসতেই রকেটগতিতে ঊর্ধ্বমুখী হয়েছে সান ফার্মার শেয়ারের সূচক। ফলে বিনিয়োগকারীরা যে মুনাফা করতে পারবেন, তা বলাই বাহুল্য।

Advertisement

সান ফার্মার অর্গ্যানন অধিগ্রহণকে ভারতের ওষুধ ও চিকিৎসা সরঞ্জামশিল্পের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি বললে অত্যুক্তি হবে না। যদিও এতে লগ্নিকারীরা উদ্বিগ্ন হবেন বলে মনে করছিল ওয়াকিবহাল মহল। কিন্তু বাস্তবে চোখে পড়েছে ঠিক তার উল্টো ছবি। সান ফার্মার এ-হেন পদক্ষেপকে বিনিয়োগকারীরা যে খোলা মনে সমর্থন জানিয়েছেন, তাতে কোনও সন্দেহ নেই।

সোমবার, ২৭ এপ্রিল বাজার খোলার পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে সান ফার্মার শেয়ারের দাম। সকাল ১০টা ২৬ মিনিট নাগাদ বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) এর সূচক বৃদ্ধি পায় ৮.০৭ শতাংশ। ওই সময় ১,৭৫০.৬৫ টাকায় উঠে যায় সান ফার্মার স্টকের দাম। সকাল সাড়ে ১১টা নাগাদ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) ১০৩ টাকা বেড়ে ১,৭২৪ টাকায় পৌঁছোয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নির্মাণকারী সংস্থাটির শেয়ার। এই প্রবণতা আপাতত বজায় থাকবে বলেই মনে করছে ব্রোকারেজ সংস্থাগুলি।

বহুজাতিক মার্কিন সংস্থা অর্গ্যাননের পণ্যগুলির মধ্যে অন্যতম হল মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের ওষুধ। মেয়েদের সন্তানধারণের ক্ষমতা বাড়ানো এবং গর্ভনিরোধক ওষুধ তৈরি করে থাকে তারা। বিশ্বের একাধিক দেশে প্রতিষ্ঠিত এবং পুরনো ওষুধের ব্র্যান্ড হিসাবে এদের বেশ সুনাম রয়েছে। বর্তমানে মোট ১৪০টি রাষ্ট্রে সরাসরি ওষুধ বিক্রি করছে তারা। এ-হেন অর্গ্যাননকে অধিগ্রহণের জেরে সান ফার্মার ওষুধ শিল্পে পরিসর বৃদ্ধি পাবে বলেই মনে করছেন বিশ্লেষকদের বড় অংশ।

বিশেষজ্ঞদের কথায়, কৌশলগত চুক্তি এবং অধিগ্রহণের মাধ্যমে ধীরে ধীরে ব্যবসা সম্প্রসারণ করছে সান ফার্মা। ২০১৪ সালে র‌্যানব্যাক্সিকে কিনে নেয় তারা। এতে ওষুধ এবং চিকিৎসার সরঞ্জামের বাজারে আরও শক্তিশালী হয় তাদের অবস্থান। এ বারের অধিগ্রহণ প্রসঙ্গে বিবৃতি দিয়েছে সান ফার্মা। সেখানে বলা হয়েছে, চুক্তির টাকা মিটিয়ে দিতে ২০০-২৫০ কোটি ডলার নগদ অর্থ জোগাড় করবে তারা। বাকি ৯২৫-৯৭৫ কোটি ডলার আসবে ব্যাঙ্ক ঋণের মাধ্যমে।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

Advertisement
আরও পড়ুন