INDIA-EU

ইইউ-এর সঙ্গে চুক্তিতে কমছে শুল্ক, ধরাছোঁয়ার মধ্যে আসতে পারে বিএমডব্লিউ, পোর্শে

ইইউ-এ ভারতীয় রফতানির প্রায় ৩% অংশীদারি গাড়ি এবং তার যন্ত্রাংশের। ইক্রার দাবি, ইইউ বিশ্বের অন্যতম বৃহৎ এবং উন্নত প্রযুক্তির গাড়ি বাজার। কাজেই সেখানে ভারতও দখল বাড়ানোর সুযোগ পাবে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৬

—প্রতীকী চিত্র।

ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি গাড়ি শিল্পের জন্য ইতিবাচক, মনে করছে উপদেষ্টা সংস্থা ইক্রা। তাদের মতে, এর ফলে দু’পক্ষের মধ্যে সুস্থ প্রতিযোগিতা বাড়বে। নতুন রূপ পাবে যৌথ বাণিজ্যও। বিশেষত বদল আসতে পারে ভারতের দামি ও বিলাসবহুল গাড়ি বাজারে। অডি, মার্সিডিজ়, বিএমডব্লিউ, পোর্শের মতো গাড়ি আরও কম দামে এ দেশে বিক্রির পথ খোলায় একাংশের ধরাছোঁয়ার মধ্যে চলে আসতে পারে। কারণ চুক্তি অনুযায়ী, ইইউ থেকে ১৫,০০০ ইউরোর বেশি মূল্যের গাড়ি আমদানির উপরে এ দেশে শুল্কের হার ১১০% থেকে কমে ১০ শতাংশে নামবে।

উল্টো দিকে, ইইউ-এ ভারতীয় রফতানির প্রায় ৩% অংশীদারি গাড়ি এবং তার যন্ত্রাংশের। ইক্রার দাবি, ইইউ বিশ্বের অন্যতম বৃহৎ এবং উন্নত প্রযুক্তির গাড়ি বাজার। কাজেই সেখানে ভারতও দখল বাড়ানোর সুযোগ পাবে। রফতানি বেশি হবে, বিশ্ব জোগানশৃঙ্খলের অংশ হবে দেশ, বাড়বে প্রতিযোগিতায় লড়াই করার ক্ষমতা। আর শুল্কের হার কমলেই বিএমডব্লিউ, মার্সিডিজ়, অডি এবং পোর্শের মতো ইউরোপীয় ব্র্যান্ডগুলির ভারতে প্রবেশ সহজ হবে।

মার্সিডিজ় বেঞ্জ ইন্ডিয়ার এমডি সন্তোষ আইয়ার বলেন, ‘‘ইইউ চুক্তি ভারতের গাড়ি শিল্পে আরও উন্নত প্রযুক্তির ব্যবহার এবং দীর্ঘমেয়াদি বৃদ্ধিকে তরাণ্বিত করবে।’’ বিএমডব্লিউ ইন্ডিয়ার সিইও হরদীপ সিংহ ব্রার এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিচ্ছেন। তাঁর দাবি, এ দেশের গাড়ি ক্ষেত্রে নতুন দিগন্ত খুলবে। তবে তাঁর সংস্থা মাত্র ৫% গাড়ি আমদানি করে বলে প্রভাব হবে সীমিত। এই চুক্তির জেরে দেশের গাড়ি বাজারে প্রতিযোগিতা অনেকটাই বাড়বে বলে মনে করছে ইক্রা। তবে তাদের আশ্বাস, এখানকার সাধারণ বা ছোট গাড়ির বিক্রিবাটায় তা তেমন প্রভাব ফেলবে না।

আরও পড়ুন